শুরু হলো রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচন, চলবে তিন দিন ব্যাপি

0
364

রাশিয়ায় শুরু হলো প্রেসিডেন্সিয়াল ইলেকশনের ভোটগ্রহণ। মনে করা হচ্ছে, শক্ত কোনো বিরোধী প্রার্থী না থাকায় পুতিনই ফের দেশটির প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন বলে। গত মাসের এক জরিপে পুতিন ৭৫ শতাংশ মানুষের সমর্থন পেয়েছিলেন।

নির্বাচনে সব ভোটারকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে দখলকৃত অঞ্চলকেও নির্বাচনের আওতাভুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে ইউক্রেনের রুশ অধিকৃত অঞ্চলসহ রাশিয়ার সব ভোটারকে ভোট প্রয়োগের মাধ্যমে দেশের ভবিষ্যৎ নির্ধারণে অংশ নিতে বলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এক ভিডিও বার্তায় জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পুতিন বলেন, আমাদের এখন ঐক্য ও সঙ্ঘবদ্ধ হয়ে একসঙ্গে এগিয়ে যাওয়া অত্যাবশ্যক। আপনাদের দেওয়া প্রতিটি ভোটই মূল্যবান। আগামী তিন দিন আপনাদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানাচ্ছি।

ভিডিও বার্তায় পুতিন আরও বলেন, জীবনযাত্রার মানোন্নয়নের জন্য সব ভোটার একটি শক্তিশালী, সমৃদ্ধ এবং স্বাধীন রাশিয়াকে দেখতে চায়। আর তা ভোট প্রয়োগের মাধ্যমেই সম্ভব।

তিন দিনব্যাপী এই নির্বাচনে ভোটগ্রহণ চলবে রোববার পর্যন্ত। ২০০০ সাল থেকে প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ার ক্ষমতায় রয়েছেন ৭১ বছর বয়সী পুতিন। এবারের নির্বাচনেও তিনিই জয়ী হবেন বলে মনে করছেন বিশ্লেষকরা।

নির্বাচনে তিনি ছাড়াও আর তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। যদিও তাদের কেউই পুতিনের সমালোচনা করেননি। একাধিক মতামত জরিপে পুতিনকে অধিকাংশ রাশিয়ান নাগরিকের সমর্থন পেতে দেখা গেছে।

এবারের নির্বাচনে যে দুই প্রার্থী ইউক্রেনে যুদ্ধ বন্ধ করার প্রতিশ্রুতি দিয়ে লড়তে চেয়েছিলেন, তাদের অযোগ্য ঘোষণা করা হয়েছে। ইউক্রেনের এই যুদ্ধকে ‘বিশেষ সামরিক অভিযান’ হিসেবে অভিহিত করেছিল রাশিয়া।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here