জাতীয় পার্টিকে ধ্বংস করেছে আওয়ামী লীগ: জিএম কাদের

0
55

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, জাতীয় পার্টির কাঁধে ভর করে ক্ষমতায় এসে আওয়ামী লীগ এই দলকে ধ্বংস করেছে। তাই এখন জাতীয় পার্টি স্লোগানে রাজপথ বললেও সাংগঠনিকভাবে রাজপথে নেই। এটাই বাস্তবতা।

তিনি বলেন, জাতীয় পার্টি সহিংসতা নয়, শান্তিপূর্ণ ভাবে রাজনীতি করতে বিশ্বাস করে। কিন্তু দেশে এখন আর শান্তি নেই, বৈষম্যে ভরে গেছে। দেশের মানুষের মাঝে বিভাজন তৈরি করেছে আওয়ামী লীগ।

রোববার (৩০ জুলাই) বগুড়া শহরের শহীদ টিটু মিলনায়তনে জেলা জাতীয় পার্টির দ্বিবার্ষিক সম্মেলনে জিএম কাদের এসব কথা বলেন।

সম্মেলনের প্রধান অতিথি জিএম কাদের বলেন, এক শ্রেণির মানুষ দুর্নীতি আর লুটপাটের মধ্য দিয়ে ধনী হয়ে উঠছে, আর এক শ্রেণির মানুষ দিনকে দিন দরিদ্র হয়ে যাচ্ছে। সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে দেশ। তাই আর ঘরে বসে থাকলে এসব সমস্যার সমাধান হবে না।

জিএম কাদের বলেন, বাংলাদেশ আর ডেমোক্রেসিতে চলে না, এদেশ চলে আওয়ামী ক্রেসিতে। উন্নয়নের নামে এদেশে প্রতিটি খাতে লুটপাট করা হয়েছে।

নির্বাচনের সমালোচনা করে তিনি বলেন, বর্তমান সরকারের যদি শরম লজ্জা থাকতো তাহলে কখনোই বলতে পারতো না যে তাদের অধীনে নিরপেক্ষ ও অবাধ সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়া সম্ভব। অগণতান্ত্রিকভাবে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। যারা অসাংবিধানিক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আন্দোলন করছে আমরা তাদের কখনো সমর্থন দিতে পারি না। আন্দোলনের নামে তারা বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে, লুটপাট ভাঙচুর চালাচ্ছে।

তিনি আরও বলেন, বিদ্যুতের নামে সরকার টালবাহানা করছে। বিদ্যুৎ উৎপাদনের নামে জনগণের ৯০ হাজার কোটি টাকা কুইক রেন্টালের চার্জ হিসেবে দিয়েছে। প্রতিটি খাতেই দুর্নীতি দুঃশাসন ও নিপীড়ন এবং লুটপাট চলছে। দেশের মানুষ নির্ভরতার জায়গা চায়, দেশের মানুষ শান্তি চায়, তাই জাতীয় পার্টিকে প্রস্তুত হতে হবে। জাতীয় পার্টি এবার এককভাবে নির্বাচন করে এদেশের মানুষের ভাগ্য উন্নয়ন কাজ করবে বলে জানান তিনি।

জেলা জাতীয় পার্টির আহ্বায়ক শরিফুল ইসলাম জিন্নাহ’র সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন জাতীয় পার্টির সিনিয়র কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল মাহমুদ এমপি, প্রধান বক্তার বক্তব্য দেন জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মজিবুল হক চুন্নু। জেলা জাতীয় পার্টির সদস্য সচিব নুরুল ইসলাম ওমরের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন অতিরিক্ত মহাসচিব ও প্রেসিডিয়াম সদস্য শেখ মুহম্মদ সিরাজুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য জহুরুল ইসলাম জহির, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা নুরুল ইসলাম তালুকদার। এছাড়া জাতীয় পার্টির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য রাখেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here