শেখ কামাল ক্রীড়া পুরস্কার পাচ্ছেন যারা

0
57

দেশের ক্রীড়াঙ্গনে জাতীয় ক্রীড়া পুরস্কারকে সর্বোচ্চ স্বীকৃতি বলা হয়। এর পরের স্তরেই রয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার। তবে বেশ কয়েক বছর যাবত এই পুরস্কার দেওয়া স্থগিত ছিল। গত দুই বছর আগে শেখ কামালের নামে জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার পুনরায় চালু হয়।

আগামী শনিবার (৫ আগস্ট) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বড় ছেলে শেখ কামালের ৭৪তম জন্মদিন। তার জন্মবার্ষিকী উপলক্ষে এবার শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার পাচ্ছেন ১২ ব্যক্তি ও সংস্থা। সেদিন সকাল সাড়ে ১০টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

চলতি বছর এই নিয়ে তৃতীয়বারের মতো শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার সম্মাননা দেওয়া হবে। এবার আজীবন সম্মাননা পুরস্কার পাচ্ছেন বর্ষীয়ান খেলোয়াড় ও সংগঠক আবদুস সাদেক। ক্রীড়া সংগঠক কোটায় হকি অঙ্গনে ওস্তাদ ফজলু নামে কোচ ফজলুর রহমান এবং নারী ফুটবলার তৈরির কারিগর, সংগঠক ও কোচ মালা রানী সরকার পাচ্ছেন এই পুরস্কার।

মুক্তিযুদ্ধের আগে পূর্ব পাকিস্তান থেকে পাকিস্তান হকি দলে জায়গা করে নিয়েছিলেন আবদুস সাদেক। দেশের হকি অঙ্গনের পরিচিত এই মুখ একসময় ফেডারেশনের সাধারণ সম্পাদক ছিলেন। দেশের ঐতিহ্যবাহী ক্লাব আবাহনীর ফুটবল দলের প্রথম অধিনায়কও ছিলেন তিনি।

খেলোয়াড় কোটায় টাইগার ক্রিকেটার তাসকিন আহমেদ, সাফজয়ী জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন ও ভারোত্তোলক জিয়ারুল ইসলাম পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। এছাড়া উদীয়মান খেলোয়াড় কোটায় টেবিল টেনিসের হৃদয় ও আরিফুল ইসলাম পাচ্ছেন এই পুরস্কার।

এবারের শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারের নতুন সংযোজন ধারাভাষ্যকার। টাইগার সাবেক ক্রিকেটার ও আন্তর্জাতিক ধারাভাষ্যকার আতহার আলী খান এবারের পুরস্কার পাচ্ছেন। ক্রীড়া সাংবাদিক কোটায় পাচ্ছেন ফটোগ্রাফার বীর মুক্তিযোদ্ধা খন্দকার তারেক নুরুল্লাহ।

আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের এখন সবচেয়ে আলোচিত খেলা আরচারি। খুব অল্প সময়ের মধ্যে খেলাটি আন্তর্জাতিক পর্যায়ে জায়গা করে নেওয়ায় আরচারি ফেডারেশন পাচ্ছে সেরা সংগঠনের স্বীকৃতি। এছাড়া খেলাধুলায় প্রয়োজন পৃষ্ঠপোষকতা। বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন দীর্ঘদিন ক্রীড়াঙ্গনে পৃষ্ঠপোষকতা করছে। এর স্বীকৃতিও পাচ্ছে এই সংগঠনটি।

দুই বছর আগে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার প্রবর্তনের সময় ২০২১ সালে ক্রীড়া ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য সাত ক্যাটাগরিতে ১০ ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠান এবং গত বছর নয় ক্রীড়া ব্যক্তিত্ব ও দুই প্রতিষ্ঠানকে এই পুরস্কার দেওয়া হয়। শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার বিজয়ী প্রত্যেকে এক লাখ টাকা, একটি ক্রেস্ট ও সনদ পেয়ে থাকেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠান ইতোমধ্যে আনুষ্ঠানিকভাবে মনোনয়নের বিষয়ে জ্ঞাত হয়েছে। আগামী বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল সাড়ে এগারোটায় জাতীয় ক্রীড়া পরিষদে এ বিষয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের কথা রয়েছে।

একনজরে পুরস্কারের জন্য মনোনীতদের তালিকা

আজীবন সম্মাননা : আব্দুস সাদেক

খেলোয়াড় : তাসকিন আহমেদ (ক্রিকেট), সাবিনা খাতুন (ফুটবল) ও জিয়াউল (ভারোত্তোলন)

উদীয়মান : হৃদয় ও আরিফুল ইসলাম (টেনিস)

সংগঠক: ওস্তাদ ফজলু (হকি) ও মালা রাণী (কলসিন্দুর)

পৃষ্ঠপোষক: বাংলাদেশ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন

সংগঠন : বাংলাদেশ আরচারি ফেডারেশন

ধারাভাষ্যকার : আতহার আলী খান (ক্রিকেট)

সাংবাদিক: খন্দকার তারেক (ফটোসাংবাদিক)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here