আমাকে কেউ নায়িকা বানানোর ঝুঁকি নিতে চায় না: নোরা

0
55

বিনোদন ডেস্ক

বলিউড তারকা হিসেবে পরিচয় পেলেও ক্যারিয়ারে এখনও কোনো সিনেমায় নায়িকা হিসেবে মূল চরিত্রে কাজ করতে পারেননি নোরা ফাতেহি। একাধিক জনপ্রিয় গানে কোমর দুলালেও নায়িকা হিসেবে জ্বলে উঠতে পারেননি তিনি।

নোরা বলিউডে খ্যাতি পেয়েছেন আইটেম গার্ল হিসেবে। ‘দিলবার’, ‘কামারিয়া’, ‘সাকি সাকি’, ‘কুসু কুসু’, ‘মানিকে মাগে হিতে’, ‘জেহড়া নেশা’র মতো সুপারহিট গানে নেচেছেন তিনি। কয়েকটি ছবিতে অভিনয় করলেও সেটা ছিল পার্শ্ব চরিত্রে।

কিন্তু কেন নায়িকা চরিত্রে সুযোগ পাচ্ছেন না নোরা? এ বিষয়ে সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার মনে হয় না, আমি নাচি বলে আমাকে নায়িকা চরিত্রে নেওয়া হয় না। আমাদের আইকনিক নায়িকারাও ড্যান্সার ছিলেন এবং দারুণ কাজ করে গেছেন। তারা আইটেম গানেও বাজিমাত করেছিলেন। এটা (আইটেম ড্যান্সার) নায়িকা হওয়ার একটা অংশ শুধু। আসলে কেউ আমাকে নিয়ে প্রথম ঝুঁকিটা নিতে চায় না; তারা হয়ত ভাবে, দেখা যাক, কে তাকে নেয়। যদি সে সব দিক দিয়ে ভালো করে, মানে অভিনয় দক্ষতা, উপস্থিতি, গ্ল্যামার, ভাষাগত দক্ষতা সব উতরে যেতে পারে, তাহলে আমরা সুযোগটা নেবো।’

নোরা মনে করেন, প্রতি বছর বলিউডে কিছু নির্দিষ্ট পরিমাণ ছবি তৈরি হয়। আর নির্মাতারা সবসময় তাদের চেনাজানা নায়িকা নিয়ে কাজ করেন, নতুনদের সুযোগ দিতে চান না।

তার কথায়, ‘ধরুন চারজন নায়িকা সিনেমায় নিয়মিত কাজ করছে এবং তারাই ঘুরেফিরে কাজ পাচ্ছে। নির্মাতারাও ওই চারজনকে নিয়েই ভাবে, এর বাইরে চিন্তা করেন না।’

বর্তমানে একাধিক সিনেমায় কাজ করছেন নোরা ফাতেহি। তবে কোনও প্রজেক্ট নিয়েই খুব একটা চর্চা নেই। হিন্দির পাশাপাশি তেলেগু অভিনেতা বরুণ তেজের সঙ্গেও একটি সিনেমা করছেন তিনি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here