সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তারা বিশেষ ভূমিকা রাখতে পারে

0
43

সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তারা বিশেষ ভূমিকা রাখতে পারে। নারীরা উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সংসারে মায়ের ভূমিকা পালন করে। একজন মা চাইলেই তার পুরো সংসার থেকে দুর্নীতি প্রতিরোধে কাজ করতে পারে। ০৯ সেপ্টেম্বর ২০২৩ তারিখ শনিবার বিকেল ৪.০০ ঘটিকায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সেমিনার হলে “দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তাদের ভূমিকা” শীর্ষক সেমিনারে প্রদান অতিথির বক্তৃতায় দুর্নীতি দমন কমিশন চট্টগ্রামের বিভাগীয় পরিচালক মো. মাহমুদ হাসান প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন, তিনি আরো বলেন নারী শব্দটি আসলে একটি আবেগের নাম। একজন নারী জন্মের পরে কন্যা এবং পরে জননী। পরিবারে নারীদের গুরুত্ব অপরিসীম। বর্তমানে নারীরা সাহসিকতার সাথে কাজ করে বিভিন্ন সামাজিক প্রতিবন্ধকতা ভেঙ্গে দিয়ে আজ সফল উদ্যোক্তা হিসেবে নিজেদের প্রমাণ করছেন। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১ এর উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত। তিনি তার উপস্থাপনায় সমাজের দুর্নীতি প্রতিরোধে নারী উদ্যোক্তাদের ভূমিকার নানান বিষয়বস্তু তুলে ধরতে গিয়ে বলেন, দুদক যেখানেই কোন অনিয়মের অভিযোগ পেয়েছে, সেখানেই প্রতিরোধ ও প্রতিকারের পদক্ষেপ গ্রহন করছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দুর্নীতি প্রতিরোধে জিরো টলারেন্স গ্রহন করেছেন। আপনারাও যেখানে দুর্নীতি দেখবেন, সেখানে সাথে সাথে দুদকের হট লাইন নাম্বার ১০৬-এ জানানোর চেষ্টা করবেন। আমরা নির্দেশিত হয়ে প্রতিকারের উদ্যোগ গ্রহন করবো। এক্ষেত্রে ভূক্তভোগীদের পরিচয় গোপন রাখা হবে।

সেমিনারে সম্মানিত অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ সিরাজুল ইসলাম কমু এই ধরনের সময়োপযোগী সেমিনারের আয়োজনের উদ্যোগ গ্রহন করায় চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিকে ধন্যবাদ জানিয়ে বলেন, একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে আমাদের সবাইকে সমন্বিতভাবে দুর্নীতি প্রতিরোধে সচেতন হতে হবে। আইন দিয়ে পৃথিবীর কোন দেশেই দুর্নীতিকে সহনীয় পর্যায়ে আনা সম্ভব হয় নাই। যদি না আমরা ব্যাক্তি পর্যায়ে দুর্নীতি সমুলে উৎপাটন করতে পারি। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রাক্তন সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও চট্টগ্রাম লেসিড ক্লাবের সভাপতি খালেদা-এ-আউয়াল বলেন, পরিবারে এক উপার্যনক্ষম নারী যতটা শক্তিশালীভাবে মতামত দিতে পারে, একজন সাধারণ গৃহবধু তা পারেন না। নারীর ক্ষমতায়ন ও উদ্যোক্তা নারীর উন্নয়ন হলে পরিবারে সঠিক সিদ্ধান্ত প্রদানের মাধ্যমে তারা দুর্নীতি হ্রাসে অবদান রাখতে পারবেন। চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা শিক্ষা ক্ষেত্রে আমাদের দেশে দুর্নীতির পাশাপাশি ব্যবসা ক্ষেত্রে নারীদের হয়রানির কথা উল্লেখ করে বলেন, ভ্যাট-ট্যাক্স ও ট্রেড লাইসেন্স গ্রহনের ক্ষেত্রে দুর্নীতি এখন স্বাভাবিক বিষয় হয়ে দাড়িয়েছে। এগুলো প্রতিরোধ ও প্রতিকার করতে হবে। সভাপতির বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর প্রেসিডেন্ট ও চট্টগ্রাম মহানগর দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনোয়ারা হাকিম আলী অনুষ্ঠানে অংশগ্রহন করার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, আমরা নারীরা পরিবার, সমাজ ও ব্যবসাসহ প্রতিটি ক্ষেত্রে নিজেরা দুর্নীতিমুক্ত থাকবো এবং অন্যের দুর্নীতিগুলো প্রশ্রয় না দিয়ে প্রতিরোধে উদ্যোগ গ্রহন করবো। এভাবেই ব্যাক্তি পর্যায় থেকে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট ও এফবিসিসিআই এর পরিচালক ডা. মুনাল মাহবুব উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, আজকের সেমিনারের বিষয়বস্তু হচ্ছে আমাদের উদ্যোক্তা নারীদের নিয়ে। এই ধরনের সেমিনার আয়োজনের মাধ্যমে আমরা যদি আমাদের নারী উদ্যোক্তা ও নারী সমাজকে সচেতন করতে পারি তাহলে, নারীরা সমাজ থেকে দুর্নীতি প্রতিরোধে বিশেষ অবদান রাখতে পারবেন। অনুষ্ঠানে অন্যান্ন্যের মধ্যে উপস্থিত ছিলেন, চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি এর ভাইস-প্রেসিডেন্ট নিশাত ইমরান, সীমা খাতুন, শামীম মোর্শেদ, লুৎমিলা ফরিদসহ পরিচালকমন্ডলী ও সদস্যবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here