খালেদা জিয়ার চিকিৎসায় যুক্তরাষ্ট্র থেকে ৩ চিকিৎসক আসছেন

0
88

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসা সেবা দিতে ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স হাসপাতালের তিন চিকিৎসক। এজন্য সরকারের পক্ষ থেকে অনুমতিও মিলেছে।মঙ্গলবার (২৪ অক্টোবর) স্বরাষ্ট্রমন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, খালেদা জিয়াকে চিকিৎসা দিতে আসছেন বিশ্বখ্যাত মার্কিন বিশ্ববিদ্যালয় জনস হপকিন্সের ডা. হামিদ আহমেদ আব্দুর রব, ডা. ক্রিসটোস স্যাভাস জর্জিয়াডেস ও ডা. জেমস পিটার অ্যাডাম হ্যামিলটন। বুধবার (২৫ অক্টোবর) তারা ঢাকায় এসে পৌঁছাবেন।বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত ৯ আগস্ট থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। এরপর থেকে কয়েক দফায় তাকে সিসিইউতে নেওয়া হয়েছে। সোমবার (২৩ অক্টোবর) দিবাগত রাতেও তাকে এক দফা সিসিইউতে নেওয়া হয়।

৭৮ বছর বয়সী খালেদা জিয়া হার্টের সমস্যা ও লিভারসিরোসিস ছাড়াও নানা শারীরিক জটিলতায় ভুগছেন। এ ছাড়া আর্থ্রাইটিস, ডায়াবেটিস, দাঁত ও চোখের সমস্যাসহ নানা জটিলতা রয়েছে তার। এরই মধ্যে কয়েক দফা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন তিনি। গত বছরের জুনে খালেদা জিয়ার এনজিওগ্রাম করা হলে তার হৃদ্‌যন্ত্রে তিনটি ব্লক ধরা পড়ে। এর একটিতে রিং পরানো হয়।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার পাঁচ বছরের সাজা হয়। সেদিন থেকে তিনি কারাবন্দি হন। ২০২০ সালের মার্চে করোনার প্রাদুর্ভাব দেখা দিলে পরিবারের আবেদনের প্রেক্ষিতে সরকার খালেদা জিয়ার দণ্ড ছয় মাসের জন্য স্থগিত করে মুক্তি দেয়। এরপর দফায় দফায় তার মুক্তির মেয়াদ বাড়ানো হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here