বাবা শ্রেষ্ঠ শিক্ষক আর মেয়ে শ্রেষ্ঠ ছাত্রী

অনলাইন ডেস্ক

পিরোজপুরের ইন্দুকানী উপজেলায় মাধ্যমিক পর্যায়ে মাদ্রাসা শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক নির্বাচিত হয়েছেন আজাহার আলী দাখিল মাদ্রাসার জ্যেষ্ঠ  শিক্ষক খান মো. নাসির উদ্দিন। একই উপজেলায় মাধ্যমিক পর্যায়ে বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ ছাত্রী নির্বাচিত হয়েছে তার মেয়ে নাজিয়া নওরীন। সেতারা স্মৃতি সরকারি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী সে।

জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩-এর আওতায় আজ বৃহস্পতিবার উপজেলার বিচারক প্যানেল যাচাই-বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন।

উপজেলার বিচারক প্যানেলে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেছা খানম, কৃষি কর্মকর্তা কামরুন্নেছা সুমি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মীর এ কে এম আবুল খায়ের ও একাডেমিক সুপারভাইজার অশোক রায়।

বিচারক প্যানেলের দেওয়া ফলাফলে বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন মো. আরিফুজ্জামান এবং কলেজ শাখায় শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক হয়েছেন মো. মাসুদুজ্জামান। বিদ্যালয় শাখায় শ্রেষ্ঠ প্রতিষ্ঠানের প্রধান করা হয়েছে সাবেরা সুলতানাকে এবং মাদ্রাসা শাখায় শ্রেষ্ঠ নির্বাচন করা হয়েছে শরীফ সুলতান মাহমুদকে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular