ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ

0
65

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামের ২০২২-২৩ শিক্ষাবর্ষের চারুকলা ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এ বছর বিজ্ঞান ইউনিটে পাসের হার ১০ দশমিক ৬১ শতাংশ এবং মোট পাস করেছে ১১ হাজার ১০৯ জন।

সোমবার (৫ জুন) দুপুর ১টায় এ ফলাফল প্রকাশ করা হয়। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনস্থ আব্দুল মতিন ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করেন।

বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিস থেকে পাওয়া তথ্যমতে, এই ইউনিটে এক হাজার ৮৫১টি আসনের বিপরীতে পরীক্ষায় অংশগ্রহণ করেছে ১ লাখ ২৭ হাজার ৭৯ জন পরীক্ষার্থী। এতে মোট ১ হাজার ৮৫১টি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৭৭৫টি, মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য ৫১টি এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য ২৫টি আসন বরাদ্দ রয়েছে।

উল্লেখ্য, বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা গত ১২ মে গতবারের ন্যায় এবারও ঢাকাসহ ৮টি বিভাগীয় শহরে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here