বিএসএমএমইউ-তে নতুন ডেঙ্গু কর্নারের উদ্বোধন

0
70

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ই-ব্লকে নতুন ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। শনিবার (১৫ জুলাই) ১৪ শয্যার এই ডেঙ্গু কর্নারের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

এসময় উপাচার্য জানান, বিএসএমএমইউ-এর সাধারণ জরুরি বিভাগ, ইন্টারনাল মেডিসিন বিভাগ, শিশু বিভাগে, এইচডিইউতে ইতোমধ্যে ডেঙ্গু কর্নার চালু করা হয়েছে। রোগীর চাপ বৃদ্ধি পাওয়ায় আজকে ই ব্লকে ডেঙ্গু কর্নার চালু করা হলো। প্রয়োজনে এফ ব্লকেও ডেঙ্গু কর্নার চালু করা হবে।

হাসপাতালে মোট ৫০ শয্যার ডেঙ্গু কর্নার চালু রয়েছে। বর্তমানে ভর্তি আছে ৩১ জন রোগী। এর সাথে বহির্বিভাগে অনেক রোগীকে চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে।

জ্বর হলেই পরীক্ষার আহ্বান জানিয়ে উপাচার্য বলেন, ‘এবছর ডেঙ্গুর প্যাটার্নটা একটু ভিন্ন। দেখা যাচ্ছে ডেঙ্গু রোগীরা এর আগে একাধিকবার আক্রান্ত হয়েছিল। ফলে রোগীদের হেমোরেজিক এর সম্ভাবনা বেশি থাকে। কোনও কোনও রোগীর দ্রুত অবনতি হচ্ছে। এরকম হলে তাকে হাসপাতালে ভর্তি হতে হবে। কিন্তু ডেঙ্গু হলেই সব রোগীকে হাসপাতালে ভর্তি হতে হবে এমন নয়।’

উপাচার্য বলেন, ‘এখন আমাদের ডেঙ্গু প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে। নিজের ঘর নিজে পরিষ্কার রাখবো। ছাদ পরিষ্কার রাখবো। কোথাও পানি জমতে দেবো না, প্লাস্টিকের পাত্রে পানি জমার সুযোগ দেবো না। স্কুলের শিক্ষার্থীদের ফুল হাত, ফুল পা জামা ও মোজা ব্যবহার করতে হবে। স্কুল-কলেজ পরিষ্কার রাখতে হবে। বাসায় সবাইকে মশারি ব্যবহার করতে হবে।’

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here