সেই বিদেশি জাহাজের আটকাদেশ প্রত্যাহার, রামপালে কয়লা খালাসে বাধা নেই

0
56

ইন্দোনেশিয়া থেকে রামপাল তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য ৩১ হাজার টন কয়লা নিয়ে মোংলা সমুদ্রবন্দরে আসা লাইবেরিয়ার পতাকাবাহী বাণিজ্যিক জাহাজ এমভি পানাগিয়া কানালার বিরুদ্ধে আটকাদেশ প্রত্যাহার করেছেন হাইকোর্ট। আজ শনিবার সম্পূরক কার্যতালিকা প্রকাশ করে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ এ আদেশ দেন। এর ফলে, রামপালে কয়লা খালাসে বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এর আগে গত বুধবার জাহাজের নামে দুই কোটি ৯৯ লাখ ৪৫ হাজার ১৮২ দশমিক ৬৬ টাকা ক্ষতিপূরণ দাবি করে চায়নার সিসিএক্স শিপিং কোম্পানি লিমিটেডের প্রতিনিধি মো. আবুল হাসানের করা মামলার পরিপ্রেক্ষিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরীর একক বেঞ্চ আটকাদেশ দিয়েছিলেন। পরদিন মোংলা বন্দর কর্তৃপক্ষ ওই জাহাজের এনওসি স্থগিত করেন।

গতকাল মোংলা বন্দর কর্তৃপক্ষ জানায়, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ লাইবেরিয়ার পতাকাবাহী এমভি পানাগিয়া কানালাকে আটকাদেশ প্রদান করা হয়েছে। পরবর্তী আদেশ না আসা পর্যন্ত জাহাজটি যাতে মোংলা বন্দর ত্যাগ করতে না পারে বন্দরের সংশ্লিষ্ট বিভাগ, কোস্টগার্ড, নৌবাহিনী এবং জাহাজটির স্থানীয় শিপিং এজেন্টকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দেওয়া হয়েছে। উচ্চ আদালত থেকে জাহাজটিকে অবমুক্তির নির্দেশনা দিলে চিঠি দিয়ে জানানো হবে।

জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘টগি শিপিং অ্যান্ড লজিস্টিক লিমিটেডের’ খুলনার সহকারী ব্যবস্থাপক খন্দকার রিয়াজুল হক বলেন, উচ্চ আদালত জাহাজটির বিরুদ্ধে আটকাদেশ দিয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষ এমন একটি চিঠি দিয়েছেন। তবে নির্দিষ্ট সময়ের মধ্যে জাহাজটির খালাস কার্যক্রম সম্পন্ন হবে। কয়লাগুলো বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছে দেওয়া হবে।

গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য ৩১ হাজার মেট্রিক টন কয়লা নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করে জাহাজটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here