আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

0
51

বিএনপির উসকানিতে বিভ্রান্ত না হয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের সতর্ক থাকতে বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। আজ বুধবার রাজধানীর তেজগাঁও সাতরাস্তায় ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন শোভাযাত্রাপূর্ব সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা (বিএনপি নেতাকর্মী) উসকানি দেওয়ার চেষ্টা করছে। গতকালও বাঙলা কলেজের সামনে উসকানিমূলক কথা বলেছে, জনতা জেগে উঠেছিল। প্রতিবাদও করেছে। আজও তারা নানা জায়গায় উসকানি দিচ্ছে। আপনারা সজাগ ও সতর্ক থাকবেন। কারও উসকানিতে পা দেবেন না।’

মন্ত্রী বলেন, ‘বিএনপি নির্বাচন ছাড়াই ক্ষমতায় আসতে চায়। এ জন্য তারা রাস্তায় নেমেছে। আমাদের দলের পক্ষ থেকে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, “সংবিধান থেকে আমরা একচুলও নড়ব না। বিদেশি কারও উপদেশ-নির্দেশেও চলবো না। আমরা চলবো সংবিধান অনুযায়ী। নির্বাচন কমিশন শিগগির নির্বাচনের ঘোষণা দেবে, এতে অংশ নিতে প্রস্তুতি নিন”।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ আর অন্ধকারে যাবে না। ২০০১ সালে আমরা অন্ধকারের বাংলাদেশ দেখেছি। সেসময় কিছু সন্ত্রাসীর অভয়ারণ্যে পরিণত হতে দেখেছি। সেই অন্ধকার থেকে আলোর পথে নিয়ে এসেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।’

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি বজলুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম মান্নান কচির সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দীন নাছিম, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হাসান খান নিখিল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here