ষোড়শ এশিয়া কাপের পর্দা উঠছে আজ

অনলাইন ডেস্ক

পাকিস্তান-নেপালের মধ্যকার ম্যাচ দিয়ে আজ পর্দা উঠতে যাচ্ছে ষোড়শ এশিয়া কাপ ক্রিকেটের। ১৫ বছর পর ঘরের মাঠে শুরু হওয়া এশিয়া কাপে নেপালের বিপক্ষে জয় দিয়ে আরম্ভের লক্ষ্য পাকিস্তানের। অন্যদিকে এশিয়া কাপে নিজেদের অভিষেক ম্যাচে বিশ্বকে চমকে দিতে মরিয়া নেপাল। ‘এ’ গ্রুপের ম্যাচটি মুলতানে শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে। এবারই প্রথম এশিয়া কাপ খেলছে নেপাল। মুলতানে ম্যাচটির আগে উদ্বোধনী অনুষ্ঠান রাখা হয়েছে।

অনুষ্ঠানে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন থাকবে। সংগীত পরিবেশন করবেন ভারতীয় কিংবদন্তি শিল্পী এ আর রহমান ও পাকিস্তানের জনপ্রিয় শিল্পী আতিফ আসলাম। এ ছাড়া থাকবে ঐতিহ্যবাহী এশিয়ান সংগীত ও নৃত্য পরিবেশনা। থাকছে মনোমুগ্ধকর আতশবাজি। উদ্বোধনী অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে টুর্নামেন্টের ব্রডকাস্টার স্টার স্পোর্টস। বাংলাদেশে স্টার স্পোর্টস ছাড়াও পুরো টুর্নামেন্ট ও উদ্বোধনী অনুষ্ঠানটি দেখা যাবে টি-স্পোর্টসে। বাংলাদেশ সময় বিকাল ৩টায় অনুষ্ঠান শুরু হবে।

এবারে এশিয়া কাপ নিয়ে ছিল অনেক অনিশ্চয়তা। ভারত পাকিস্তানে খেলতে না চাওয়ায় শঙ্কা জেগেছিল এশিয়া কাপ আয়োজন নিয়ে। শেষ পর্যন্ত পিসিবি প্রধান নাজাম শেঠীর ‘হাইব্রিড’ মডেল এশিয়া কাপের আয়োজনের প্রস্তাব দিলে সমস্যা কেটে যায়। পাকিস্তানের পাশাপাশি শ্রীলংকাও আয়োজকের ভূমিকা পালন করছে এবার।

এশিয়া কাপ দিয়ে দীর্ঘদিন পর বড় কোনো টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে পাকিস্তান। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়েও এসেছে এশিয়া কাপ প্রসঙ্গ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular