নাশকতার মামলায় ফখরুল-রিজভীসহ ৮ জনের বিচার শুরু

0
57

১১ বছর আগে রাজধানীর পল্টন মডেল থানার নাশকতার একটি মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীসহ আটজনের বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।

আজ রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন মাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে চার্জগঠনের আদেশ দেন। একই সঙ্গে আগামি ২০ সেপ্টেম্বর সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য করেন আদালত।

বিচার শুরু হওয়া অপর আসামিরা হলেন- যুবদল নেতা আজিজুল বারি হেলাল, সাইফুল নিরব, মোয়াজ্জেম হোসেন ওরফে বাবু, কাজী রেজাউল হক বাবু ওরফে জিম বাবু, খন্দকার এনামুল হক এনাম ও জামায়াত নেতা শফিকুল ইসলাম ওরফে মাসুদ।

আসামিদের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ জয়নাল আবেদীন মেসবাহ। রাষ্ট্রপক্ষে মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের প্রার্থনা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত আসামিদের বিরুদ্ধে চার্জগঠনের আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী সৈয়দ জয়নাল আবেদীন মেসবাহ এসব তথ্য জানান। শুনানিকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রুহুল কবীর রিজভীসহ সব আসামি আদালতে উপস্থিত ছিলেন।

মামলা থেকে জানা যায়, ২০১২ সালের ৯ ডিসেম্বর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পরিবহন বিভাগের চালক মো. আয়নাল প্রতিদিনের ন্যায় সন্ধ্যা সাতটার দিকে মিন্টু রোডের ইস্কাটন থেকে ময়লা আনার জন্য গাড়ি চালিয়ে মাতুয়াইল ল্যান্ডফিল্ড যাচ্ছিলেন। কাকরাইল থেকে পল্টন বিজয়নগরের দিকে আসলে মির্জা ফখরুল ইসলাম ও রুহুল কবীর রিজভীর নেতৃত্বে ২০০/২৫০ জনের একটি মিছিল বের হয়। তারা গাড়ি থামিয়ে হেলপারকে মারধর করে এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। তারা গাড়িও ভাঙচুর করে। এতে দুই লাখ টাকার ক্ষতি হয়।

এ ঘটনার পর ওইদিনই তিনি পল্টন থানায় মামলা করেন। মামলাটি তদন্ত করে মতিঝিল জোনাল টিমের সাব-ইন্সপেক্টর আনোয়ার হোসেন ২০১৭ সালের ২৩ অক্টোবর ৯ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। তবে চার্জশিট দাখিল হওয়ার পর মারা গেছেন শফিউল বারী বাবু।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here