হারিস-রউফদের গতির আগুনে পুড়ল বাংলাদেশ

0
63

স্পোর্টস ডেস্ক

শাহীন আফ্রিদি, নাসিম শাহ ও হারিস রউফ; বিশ্বের সেরা পেস অ্যাটাক পাকিস্তানের বলা হয় এই ত্রয়ীর কারণেই। এশিয়া কাপে সুপার ফোরের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে আরও একবার এই ত্রয়ী প্রমাণ করলেন কেন তাদের সেরা বলা হয়। শাহীন ১ উইকেট নিলেও ঘণ্টায় ১৪০ কিমি এর ওপর বল করা হারিস ও নাসিম মিলে তুলে নিয়েছেন ৭ উইকেট। তাদের গতির আগুনে পুড়ে নির্ধারিত ৫০ ওভারের ৬৮ বল বাকি থাকতেই ১৯৩ রানে অলআউট বাংলাদেশ।

এশিয়া কাপে সুপার ফোরের এই ম্যাচে টস জিতে ব্যাটিং বেছে নেন অধিনায়ক সাকিব। ইনিংসের দ্বিতীয় ওভারেই নাসিম শাহর বলে শূন্য রানে ফেরেন আগের ম্যাচে সেঞ্চুরি করা মেহেদী হাসান মিরাজ। আর পঞ্চম ওভারে শাহিন শাহ আফ্রিদির বলে ব্যক্তিগত ১৬ রানে আউট হন এশিয়া কাপে প্রথম ম্যাচ খেলতে নামা লিটন দাস।

পাকিস্তানের বোলিং স্পেল শাহীন ও নাসিম শুরু করলেও অষ্টম ওভারে বোলিংয়ে আসেন গতিময় পেসার হারিস রউফ। এসেই তোপ দাগেন বাংলাদেশ শিবিরে। দারুণ খেলতে থাকা মোহাম্মদ নাঈমকে কট এন্ড বল করেন হারিস। দশম ওভারে হারিসের করা ব্যক্তিগত দ্বিতীয় ওভারে আবারও বাংলাদেশের উইকেট পতন। এবার তাওহীদ হৃদয়কে সরাসরি বোল্ড করেন তিনি। ৪৭ রানে ৪ উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে যাওয়া দলকে এরপর টেনে তোলেন সাকিব-মুশফিক। দুজনে মিলে কাটায় কাটায় ১০০ রানের জুটি গড়েন।

১৪৭ রানে সাকিবের পতনের পর (৫৩) পর শামীম পাটোয়ারিকে নিয়ে ২৭ রানের জুটি গড়েন মুশফিক। ১৭৪ রানের শামীমের পতনের পর শুরু হয় মড়ক। ১৯ রান তুলতেই হারায় শেষ ৫ উইকেট। দলের পক্ষে সর্বোচ্চ ৬৪ রান আসে মুশফিকের ব্যাট থেকে।

৬ ওভারে মাত্র ১৯ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন হারিস। ৫ ওভার ৪ বল করে নাসিমের উইকেট সংখ্যা ৩টি। ১টি করে উইকেট নিয়েছেন শাহীন, ইফতিখার আহমেদ এবং ফাহিম আশরাফ।

এ ম্যাচে বাংলাদেশ একাদশে একটিই পরিবর্তন হয়েছে। হ্যামস্ট্রিংয়ের চোটে এশিয়া কাপ থেকে ছিটকে যাওয়া নাজমুল হোসেনের জায়গায় খেলছেন লিটন দাস। অসুস্থতার কারণে এশিয়া কাপের শুরু থেকে ছিলেন না লিটন। গতকালই বাংলাদেশের বিপক্ষে ম্যাচের একাদশ ঘোষণা করেছিল পাকিস্তান। বাঁহাতি স্পিনার মোহাম্মদ নওয়াজের জায়গায় দলে আনা হয়েছে অলরাউন্ডার ফাহিম আশরাফকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here