পাসপোর্ট বোর্ডিং পাস ছাড়াই বিমানে শিশু, প্রত্যাহার ১০ জন

0
87

পাসপোর্ট, ভিসা, বোর্ডিং পাস ছাড়া একটি শিশু বিমানে উঠার ঘটনায় ১০ জনকে বিমান বন্দরের দায়িত্ব থেকে প্রত্যাহার করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এম মফিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

বেবিচক চেয়ারম্যান জানান, এই ঘটনায় যাদের গাফিলতি ছিল গতকালই প্রত্যেককে সাসপেন্ড (প্রত্যাহার) করার নির্দেশনা দেওয়া হয়েছিল। তাদের মধ্যে ১০ জনকে চিহ্নিত করে প্রত্যাহার করা হয়েছে। তারা ইমিগ্রেশন পুলিশ, এভসেক, কুয়েত এয়ারওয়েজ এবং গ্রাউন্ড হ্যান্ডেলার।

তিনি জানান, এ ঘটনায় ৫ সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে। কমিটি তাদের প্রতিবেদনে পুরো ঘটনাটি বিস্তারিতভাবে তুলে ধরবে।

বিমানবন্দরে ঢুকে ইমিগ্রেশনসহ ৮-১০টি ধাপ পেরিয়ে প্লেনে উঠতে হয়। কোনো ধাপেই শিশুটিকে আটকানো হয়নি।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক মিয়া জানান, শিশুটির নাম জোনায়েদ মোল্লা (১০)। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। ঘটনার পর তার গ্রামের বাড়ি খবর পাঠানো হয়েছিল। তার চাচা মো. ইউসুফ মোল্লা থানায় আসেন। তার জিম্মায় শিশুটিকে দেওয়া হয়েছে।

ওসি জানান, জোনায়েদ মোল্লার বাবার নাম ইমরান মোল্লা। পেশায় কৃষক। তার বাবা-মার মধ্যে বিচ্ছেদ হয়েছে। এখন কেউ শিশুটির খোঁজখবর রাখেন না। তাই চাচার জিম্মায়ই তাকে দেওয়া হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here