মির্জা ফখরুলের মুক্তি চাইলেন মেয়ে শামারুহ

0
95

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এদিকে অবিলম্বে তার মুক্তি চেয়েছেন ড. শামারুহ মির্জা। তিনি বিএনপি মহাসচিবের জ্যেষ্ঠকন্যা।

রোববার (২৯ অক্টোবর) গণমাধ্যমে দেওয়া বক্তব্যে তিনি এমন দাবি জানান।

শামারুহ মির্জা বলেন, শনিবার বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে পুলিশের ছোড়া টিয়ারশেলের কারণে আমার বাবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর অসুস্থ হয়ে পড়েন। পুলিশের টিয়ার গ্যাস তার ফুসফুসে গেছে। এজন্য রাতেই তিনি চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন। বাবার বয়স ৭৬ বছর এবং গতরাতেও তিনি প্রচণ্ড অসুস্থ ছিলেন। আমি অবিলম্বে আমার বাবার মুক্তি চাই।

তিনি আরও বলেন, বাবাকে রোববার সকালে ডিবি পুলিশ আটক করে নিয়ে গেছে। আজ বাংলাদেশ যখন বিরোধী মতামত প্রকাশের কোনো সুযোগ নেই, লাখ লাখ বিরোধী মতাদর্শী কারাগারে বন্দি, লাখ লাখ সন্তান তাদের বাবার জন্য অপেক্ষা করছে, সেখানে এই ঘটনা আমাকে অবাক করেনি! আমার আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস— এই জুলুম একদিন শেষ হবে।

এর আগে, রোববার সকালে গুলশানের বাসা থেকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করা হয়। তাকে আটক করার পর রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মো. ফারুক হোসেন জানান, মির্জা ফখরুলের বিরুদ্ধে পুরোনো মামলা রয়েছে। এ ছাড়া শনিবারের সহিংসতার ঘটনায়ও মামলা হবে। এসব মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here