পিটার হাসকে হুমকি: আ.লীগ নেতাসহ ৮ জনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

অনলাইন ডেস্ক

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে বাঁশখালী ও কক্সবাজারের মহেশখালী উপজেলার আওয়ামী লীগ নেতা সহ ৮ জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন খারিজ করেছেন আদালত।

বুধবার (২৯ নভেম্বর) বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো.সালাউদ্দিনের আদালত এই আদেশ দেন।
একইদিন সকালে মামলাটির আবেদন করেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও বিএনপি নেতা এম এ হাশেম রাজু।

আদালতের বেঞ্চ সহকারী তারিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে আট জনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করেন এম এ হাশেম নামের এক ব্যক্তি।
আদালত তাঁর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলা খারিজের আদেশ দেন আদালত।

মামলায় আসামি করা হয়েছিল, বাঁশখালীর চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক মুজিবুল হক চৌধুরী, মহেশখালীর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ফরিদুল আলম, চাম্বল ইউনিয়ন পরিষদের সদস্য ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাদ, এহচান, ফরহাদ, নাছির ও সাইফুল।

মামলায় মানবাধিকারকর্মী পরিচয় দেওয়া এম এ হাশেম রাজু দাবি করেন, গত ৬ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যা করার হুমকি দিয়ে বক্তব্য দেন বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী ও কক্সবাজারের মহেশখালী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম। তাদের ওই বক্তব্যের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর প্রেক্ষিতে মামলার আবেদন করা হয়েছে। গত ১৫ নভেম্বর মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে চাম্বল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলা নেওয়ার আবেদন করছিলেন এম এ হাশেম রাজু। পরে ঢাকার সিএমএম আদালত সেদিন মামলা নেওয়ার আবেদন খারিজের আদেশ দেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular