ভোট না দিতে পারায় ববির আক্ষেপ

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটারদের মধ্যেও নির্বাচন নিয়ে উদ্দীপনা কম নয়। এই তালিকায় রয়েছেন দেশের শোবিজ তারকারাও। ভোটাররা নিজ নিজ কেন্দ্রে গিয়ে পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন। এদিকে ভোট না দিতে পারায় ব্যাপক আফসোস প্রকাশ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

তিনি ঢাকা-১৮ আসনের ভোটার। জাতীয় সংসদ নির্বাচন নিয়ে অন্যদের মতো এই নায়িকারও আগ্রহ রয়েছে। তবে ইচ্ছা থাকা সত্ত্বেও ভোট দিতে পারছেন না ববি। কারণ, গত ৩ জানুয়ারি থেকে মা এবং বোনের সঙ্গে অস্ট্রেলিয়া অবস্থান করছেন ববি। তারও দুই মাস আগে বিমানের টিকিট কনফার্ম করা ছিল তাদের।

মূলত এ কারণে ইচ্ছে থাকলেও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারছেন না এই নায়িকা।

ববি বলেন, ‘ভোট দেওয়া নাগরিক অধিকার। কোনোভাবেই সেটি মিস করা উচিত নয়। তবে কিছু করার নেই। দুই মাস আগে টিকিট কেটেছিলাম। তখন নির্বাচনী তফসিলও ঘোষণা করা হয়নি। তখন যদি জানতে পারতাম তাহলে এক সপ্তাহ পিছিয়ে টিকিট নিতে পারতাম। যাই হোক এটি আমার জন্য দুর্ভাগ্য।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular