অল্পের জন্য রক্ষা পেলেন হ্যারি-মেগান

অনলাইন ডেস্ক

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কল অল্পের জন্য ভয়াবহ সড়ক দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন বলে জানিয়েছে বিবিসি, রয়টার্স, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যম।

মেগানকে বিয়ে করার পর যুক্তরাজ্যের রাজকীয় সব দায়িত্ব ছেড়ে হ্যারি যুক্তরাষ্ট্রে আবাস গেঁড়েছেন।

সেখানে গতকাল মঙ্গলবার রাতে একটি পুরস্কার বিতরণ অনুষ্ঠান থেকে ফেরার পথে এই দম্পতি পাপারাজ্জিদের কবলে পড়েন বলে প্রিন্সের মুখপাত্র জানিয়েছেন।

এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, “পাপারাজ্জি চক্রের গাড়িগুলো প্রায় দুই ঘণ্টা ধরে টানা ধাওয়া করতে থাকে প্রিন্স হ্যারি ও তার পরিবারকে বহনকারী ট্যাক্সিকে। এই ধাওয়ার সময় বেশ কয়েকটি ভয়াবহ সংঘর্ষ থেকে অল্পের জন্য রক্ষা পান তারা।”

মিজ ফাউন্ডেশন ফর উইমেনের একটি অনুষ্ঠানে হ্যারির স্ত্রী মেগানকে তার কাজের জন্য সম্মাননা দেওয়া হয়।

ওই অনুষ্ঠানে যোগ দিয়ে বের হয়ে আসার পর এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে দেখা গেছে একটি ট্যাক্সিতে ছিলেন হ্যারি, মেগান ও মেগানের মা ডোরিয়া র‌্যাগল্যান্ড।

হ্যারির মুখপাত্র এক বিবৃতিতে বলেন, “তাদের বহনকারী ট্যাক্সিটি ধাওয়া থেকে বাঁচতে গিয়ে রাস্তার অন্য গাড়ির সঙ্গে প্রায় মুখোমুখি সংঘর্ষ এড়ায় এবং পথচারী ও দুইজন পুলিশ সদস্যকে প্রায় চাপা দিতে গিয়েও দেয়নি।”

২০২০ সালে যুক্তরাজ্যের রাজপদবী থেকে সরে দাঁড়ান হ্যারি ও মেগান দম্পতি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular