সিলেটের বরেণ্য আলেম মুহিব্বুল হকের জানাজায় লাখো মানুষের ঢল

অনলাইন ডেস্ক

সিলেটের বরেণ্য আলেম বিশিষ্ট ইসলামি গবেষক শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার জানাজা শেষে হযরত শাহজালাল (রহ.) মাজার কবরস্থানে লাশ দাফন করা হয়। এর আগে বেলা আড়াইটায় নগরীর শাহী ঈদগাহ ময়দানে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় ইমামতি করেন মরহুমের বড় ছেলে দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ। জানাজায় লাখো মানুষের ঢল নামে। ঈদগাহ ময়দানে জায়গা না হওয়ায় আশপাশের রাস্তাগুলো বন্ধ করে জানাজা আদায় করেন অনেকেই।

জানাজায় শরিক হতে নগরীর প্রতিটি মাদ্রাসার ছাত্র-শিক্ষক ছাড়াও মুসল্লিরা বেলা ১১টার পর থেকে শাহী ঈদগাহে গিয়ে জমায়েত হন। নগরীর বাইরে থেকেও প্রচুর মানুষ জানাজায় আসেন।

সিলেটের ঐতিহ্যবাহী কওমি মাদ্রাসা ‘জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ’র মুহতামিম, বাংলাদেশ উলামা পরিষদের সভাপতি, আযাদ দ্বীনী এদারায়ে তালীম বাংলাদেশ শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি বুধবার মাগরিবের নামাজের পর দরগাহ মাদ্রাসায় তার নিজ বিশ্রামকক্ষে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা পর্যন্ত সর্বস্তরের মানুষ দেখার জন্য লাশ দরগাহ মাদ্রাসায় রাখা হয়। দুপুর ১২টায় জানাজার জন্য শাহী ঈদগাহে নেওয়া হয় তার লাশ।

মরহুমের লাশ শাহী ঈদগাহে আনার পর তার হাজারও ছাত্র, শিষ্য, ভক্ত-অনুরক্ত, রাজনীতিবিদ ও শুভাকাঙ্ক্ষীরা তাকে শেষবারের মতো এক নজর দেখতে সারিবদ্ধ লাইনে দাঁড়ান। এ সময় শাহী ঈদগাহ ময়দানে এক শোকাবহ পরিবেশ বিরাজ করে।

মুফতি মুহিব্বুল হক গাছবাড়ির জানাজার পূর্বে বিভিন্ন পর্যায়ে শিক্ষক, আলেম, রাজনীতিক ও মরহুমের স্বজনসহ অনেকেই সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।

মরহুমের জীবনী সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- আযাদ দ্বীনি এদারা ও জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা জিয়া উদ্দিন, শায়খুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক, সিলেট সিটি মেয়র আরিফুল হক চৌধুরী, আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহুদ্দিন সিরাজ, এদারা বোর্ডের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল বছির, দরগাহ মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আতাউল হক জালালাবাদি, দরগাহপুর মাদ্রাসার মুহতামিম আল্লাামা নুরুল ইসলাম খান সুনামগঞ্জী, কানাইঘাট মাদরাসার শায়খুল হাদিস মাওলানা আলিম উদ্দিন দুর্লভপুরী, সিটি করপোরেশনের আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী, জামেয়া রেঙ্গার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বুরহান, জামেয়া দারুল কোরআন সিলেটের প্রিন্সিপাল সাবেক এমপি শাহীনুর পাশা চৌধুরী, মাওলানা মুখলিছুর রহমান রাজাগঞ্জী, ধনুকান্দি মাদ্রাসার মুহতামিম মাওলানা মোস্তাক আহমদ খান, মরহুমের দ্বিতীয় ছেলে মাওলানা জাবেদ প্রমুখ।

এদিকে বরেণ্য আলেম শায়খুল হাদিস আল্লামা মুহিব্বুল হক গাছবাড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট প্রেস ক্লাব নেতারা।

ক্লাব সভাপতি ইকবাল সিদ্দিকী ও সাধারণ সম্পাদক আবদুর রশিদ রেনু এক বিবৃতিতে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবদেনা জ্ঞাপন করেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular