আমেরিকা বলে কয়ে কিছু করে না: পররাষ্ট্রমন্ত্রী

0
83

মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না সেই বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, তারা (আমেরিকা) তো বলে কয়ে কিছু করে না। তবে আমি আশা করছি, এ বিষয়ে আমেরিকার শুভবুদ্ধির উদয় হবে।

সোমবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রীর কাতার সফর বিষয়ে সংবাদ সম্মেলনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সম্প্রতি একটি জাতীয় দৈনিকে পররাষ্ট্রমন্ত্রীকে জড়িয়ে একটি প্রতিবেদন প্রকাশ হয়। এ বিষয়ে মন্ত্রী বলেন, যে তথ্য দিয়েছে সেটা মিথ্যা তথ্য। সেখানে বলেছে আমি মন্ত্রী হওয়ার আগে চায়নিজ প্রতিষ্ঠানে লবিস্ট হিসেবে কাজ করেছি, এটা ডাহা মিথ্যা। বরং বলতে পারেন আমি সারাজীবন যুক্তরাষ্ট্রে ছিলাম, সেখানে কাজ করেছি।

মার্কিন নিষেধাজ্ঞার বিষয়ে প্রশ্নে মন্ত্রী বলেন, মার্কিন নিষেধাজ্ঞা আসবে কি না জানি না। তারা তো বলে কয়ে কিছু করে না। গতকাল কৃষিমন্ত্রীও বলেছেন দেশে স্যাংশনের কোনো কারণ নেই। এটা হলে দুঃখজনক হবে। আমেরিকা তো হাজার হাজার নিষেধাজ্ঞা দিচ্ছে। সম্প্রতি আমেরিকার একজন প্রতিনিধি এসেছিলেন তাদের বক্তব্য অত্যন্ত পজিটিভ ছিল। সেক্ষেত্রে আপানারা যে তথ্য দিলেন এ বিষয়ে আমাদের জানা নেই।

মার্কিন দূতাবাস নাগরিকদের দেশে চলাচলে ভ্রমণ সতর্কতা দিয়েছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা খুবই দুঃখজনক। দেশে আজ থেকে সাত-আট মাস পর নির্বাচন হবে। তাদের জিজ্ঞেস করেন তারা কেন এ সতর্কতা দিয়েছে। আমাদের দেশে হত্যা নেই, গুলি করে কাউকে মারা হয় না। এখানকার মানুষ মার্কিন নাগরিকদের ওপর ক্ষেপবে কেন? আমি জানি না তারা কেন এটা করেছে।

পররাষ্ট্র বলেন, আমাদের আইনশৃঙ্খলা পরিস্থিতি এত ভালো হয়েছে পুলিশ কোনো ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে অপরাধী ধরে নিয়ে আসে। তারা খুব ভালো কাজ করছে। আমাদের দেশে এমন কোনো কারণ নেই যে সহিংসতা হবে। বরং কেউ কেউ যুক্তরাষ্ট্রে গেলে সতর্ক করা উচিত সেখানে শপিং মলে, স্কুলে, বারে গেলে সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here