বিদেশ যাওয়ার অনুমতি পেলেন সম্রাট

0
86

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল হোসেন সম্রাটকে চিকিৎসা করাতে এক মাসের জন্য বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছেন আদালত। এ জন্য আদালত দুই মাসের জন্য তার পাসপোর্ট নিজ জিম্মায় দিয়েছেন।

বৃহস্পতিবার (১ জুন) সম্রাটের আইনজীবীর আবেদনের প্রেক্ষিতে ঢাকার বিশেষ জজ আদালত-৬-এর বিচারক মঞ্জুরুল ইমাম এ আদেশ দেন।

সম্রাটের আইনজীবী আফরোজা শাহনাজ পারভীন হিরা সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য আজ দিন ধার্য ছিল। এদিন সম্রাটের আইনজীবী স্থায়ী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক আগামী ৬ জুলাই পর্যন্ত সম্রাটের জামিন মঞ্জুর করেন। এ ছাড়া সময়ের আবেদনের প্রেক্ষিতে ৬ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য নতুন দিন ধার্য করেছেন আদালত।

উল্লেখ্য, ২০১৯ সালের ৬ অক্টোবর সম্রাট ও তার সহযোগী তৎকালীন যুবলীগ নেতা এনামুল হক ওরফে আরমানকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করে র‌্যাব। ২০২২ সালের ২২ আগস্ট সম্রাটকে জামিন দেন আদালত। তখন আদালত সম্রাটকে কয়েকটি শর্ত দেন। শর্তগুলো ছিল- তার পাসপোর্ট আদালতে জমা দিতে হবে এবং আদালতের অনুমতি না নিয়ে বিদেশ যেতে পারবেন না।

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০১৯ সালের ১২ নভেম্বর সম্রাটের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলায় ২ কোটি ৯৪ লাখ ৮০ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়। ২০২০ সালের ২৬ নভেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেয় দুদক। অভিযোগপত্রে সম্রাটের বিরুদ্ধে ২২২ কোটি ৮৮ লাখ ৬২ হাজার ৪৯৩ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here