‘কুপ্রস্তাবে রাজি না হওয়ায়’ বাংলাদেশি ছবি থেকে বাদ কলকাতার নায়িকা

অনলাইন ডেস্ক

বাংলাদেশের ছবি ‘লিপস্টিক’-এ আদর আজাদের বিপরীতে অভিনয় করার কথা কলকাতার নায়িকা দর্শনা বণিকের। তবে গত সোমবার রাতে তার জায়গায় ছবিটির নায়িকা হিসেবে নেওয়া হয়েছে পূজা চেরিকে।

দর্শনাকে বাদ দিয়ে পূজাকে নায়িকা হিসেবে নেওয়ার ব্যাপারে ছবিটির চিত্রনাট্যকার আব্দুল্লাহ জহির বাবু সংবাদমাধ্যমকে বলেছিলেন, ‘দর্শনা বণিকের সঙ্গে আমাদের কথা চূড়ান্ত হয়েছে। সব ঠিকই ছিল, কিন্তু ভিসা জটিলতার কারণে দর্শনার পরিবর্তে পূজা চেরিকে নিচ্ছি। পূজা গল্প শুনে খুবই সন্তষ্ট। এই গল্পে পূজা খুব ভালো করবে বলে আশা করছি।’

ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার অনলাইনকে গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া সাক্ষাৎকারে দর্শনা বলেন, ‘কলকাতায় এসে জহির বাবুদের (আব্দুল্লাহ জহির বাবু) ছবিটি সই করানোর কথা ছিল। তারা কবে আসবেন জানার জন্যই আমি মেসেজ করেছিলাম। তার পরেই উল্টোপাল্টা প্রস্তাব আসে। সেগুলো আমি পাত্তা দিইনি এবং বুঝিয়ে দিই যে এই ধরনের প্রস্তাবে আমি অস্বস্তিবোধ করছি। তার পর আর কোনও রকম যোগাযোগই করা হয়নি আমার সঙ্গে।’

তিনি বলেন, ‘এরপর হঠাৎ জানতে পারছি যে, আমাকে সরিয়ে দেওয়া হয়েছে চরিত্রটি থেকে। ভিসা সংক্রান্ত ব্যাপার এটি নিশ্চয়ই নয়। না হলে তো আমি জানতে পারতাম। এখন চারিদিকে খবরে দেখতে পাচ্ছি। আমার প্রশ্ন একটাই, তারা যে ধরনের মেসেজ আমায় করেছিলেন, তার বদলে তেমন কোনো উত্তর পাননি বলেই কি ছবিটা থেকে আমাকে বাদ দেওয়া হলো?’

আদর আজাদের বিপরীতে ‘লিপস্টিক’ ছবি থেকে বাদ গেলেও একটি বাংলাদেশি ছবিতে সুপারস্টার শাকিব খানের বিপরীতে অভিনয় করছেন দর্শনা বণিক। তবে এ বিষয়ে তিনি বা শাকিব খানের পক্ষ থেকে বিস্তারিত জানানো হয়নি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular