মালদ্বীপের হারে স্বস্তিতে বাংলাদেশ

অনলাইন ডেস্ক

শক্তিশালী লেবাননের বিপক্ষে পারলো না মালদ্বীপ। তবে তাদের হারে বাংলাদেশের সামনে সেমি-ফাইনালে ওঠার সমীকরণ সহজ হয়ে গেল। ভুটানের বিপক্ষে ড্র করলেই ১৪ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের সেরা চারে উঠবে হাভিয়ের কাবরেরার দল।

বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুই ম্যাচ জেতায় সেমিফাইনাল অনেকটা নিশ্চিত ছিল লেবাননের। আজ বুধবার ‘বি’ গ্রুপের শেষ ম্যাচও জিতে সেরা হয়ে সেমির টিকিট কেটেছে তারা। অধিনায়ক হাসান মাতৌকের লক্ষ্যভেদে লেবানন ১-০ গোলে মালদ্বীপকে হারিয়েছে। এতে টানা তিন ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে লেবানন।

আরব দেশটির এই জয়ে ভুটানের বিপক্ষে এখন ড্র করলেই দ্বিতীয় দল হিসেবে এই গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে বাংলাদেশ। আবার হারলেও সুযোগ থাকবে। তখন তিন দলের গোল গড় দেখা হবে।

বেঙ্গালুরুর কান্তীরাভা স্টেডিয়ামে লেবাননের আক্রমণাত্মক ফুটবলের সামনে সমান তালে লড়াই করার চেষ্টা করে মালদ্বীপ। কিন্তু পরিষ্কার সুযোগ তৈরি করতে পেরেছে কমই। বরং লেবানন সুযোগ পেয়ে গোল আদায় করে নিয়েছে। যদিও ম্যাচের শুরুর দিকে মালদ্বীপ সুযোগ পেয়েছিল। মালদ্বীপের ইব্রাহিম আইসাম জোরালো শট নিলেও তা চলে যায় ক্রসবারের ওপর দিয়ে। লেবানন এগিয়ে যায় ২১ মিনিটে। বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রি-কিকে জালে বল পাঠান হাসান মাতৌক।

Similar Articles

Advertismentspot_img

Most Popular