প্রকাশ্যে মাহফুজ-বুবলীর রোমান্স, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক

 

‘মনা রে মনা করিস না ভুল, ডুববি খালে ভাসবে চুল, হারাবি তুই একুল ওকুল’— নেপথ্য কণ্ঠে সংলাপগুলো বলেন অভিনেতা রাশেদ মামুন অপু। এর মধ্যে দিয়ে ‘প্রেহেলিকা’ সিনেমার ট্রেইলারের সূচনা। মঙ্গলবার (২৭ জুন) দুপুরে প্রকাশিত হয়েছে ‘প্রহেলিকা’র ট্রেলার। দুই মিনিটের এই ঝলকে রহস্যের জাল বিস্তৃত হয়েছে বটে। তবে গল্পের মূলভাব খোলাসা হয়নি। এর সঙ্গে আবার ছবির নায়ক-নায়িকার প্রেম রসায়ন ছিল ট্রেলারের বড় অংশজুড়ে। ফলে আদর্শ ট্রেলারের কাতারে এটিকে অন্তর্ভুক্ত করা যায় নিঃসন্দেহে।
ট্রেইলারের ব্যাপ্তি যখন ২০ সেকেন্ড তখন একটি বাড়ি দেখা যায়। এ বাড়িতে থাকেন ওস্তাদ জামশেদ (নাসির উদ্দিন খান) ও অর্পা (শবনম বুবলী)। ঘটনাক্রমে এ বাড়িতে হাজির হন মনা (মাহফুজ আহমেদ)। তারপর অর্পার সঙ্গে মনার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে। রোমান্স করতেও দেখা যায় এ জুটিকে। ২ মিনিট ১ সেকেন্ড দৈর্ঘ্যের ট্রেইলারে দেখা মিলেছে রহস্য, যা নিয়ে বেশ আগ্রহ প্রকাশ করছেন নেটিজেনরা।
ট্রেলার দেখে দর্শক যেসব মন্তব্য করছে, তাতে আঁচ করা যায়, ছবিটি ঘিরে তাদের আগ্রহ বাড়ছে। একদিকে ব্যতিক্রম গল্প, অন্যদিকে মাহফুজ-নাসির উদ্দিন খানের মতো দাপুটে অভিনেতা; সঙ্গে বুবলীর আবেদনময়ী উপস্থিতি। সব মিলে ছবিটি ঈদবাজারে পোক্ত প্রতিদ্বন্দ্বী হতে চলেছে, তা বলা নিষ্প্রয়োজন।
ছবিতে নিজের চরিত্র নিয়ে অভিনেতা মাহফুজ আহমেদ বলেন, ‘আমি খুব সহসা এমন চরিত্র পাইনি এবং নিকট ভবিষ্যতে যে পাবো, আমার কাছে মনে হয় না। এই ধরনের চরিত্র কম হয়। আমি যেহেতু পেশাদার অভিনেতা নই, সেহেতু এই সুবিধাটা নিচ্ছি; বেছে বেছে কাজ করার সুযোগ পাই। খুব পছন্দ না হলে আমি কাজ করবো না। যত টাকাই দেওয়া হোক; আমাকে টাকা দিয়ে কেনা যায় না। টাকার জন্য কখনও ছুটিনি, ভবিষ্যতেও ছুটবো না।’
অন্যদিকে বুবলীর ভাষ্য এরকম, ‘অনেক কিছু ধারণ করতে হয়েছিল নিজের মধ্যে। আমি চয়নিকা আপুকে বলেই নিয়েছিলাম, আমি যখন ‘প্রহেলিকা’র শুটিং করবো, তখন আশপাশে অন্য কাজ করতে চাই না। কারণ, এই কাজটির জন্য নিজেকে অনেক গভীরে নিতে হয়েছে।’
‘প্রহেলিকা’ নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। এটি তার দ্বিতীয় সিনেমা। তিনি বলেছেন, ‘প্রহেলিকা’ মানে রহস্য, এই রহস্যটা উদঘাটন করতে হলে দর্শককে সিনেমা হলে যেতে হবে। আমি দর্শককে বলতে পারি, তারা গল্প থেকে অভিনয়, গান, লোকেশন, ফটোগ্রাফি, লোকেশন কোনও কিছুতে বঞ্চিত হবে না।’
ছবিটি প্রযোজনা করেছে রঙ্গন মিউজিক। এতে আরও আছেন এ কে আজাদ সেতু, রহমত আলী, সাবিহা জামান প্রমুখ।

 

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular