পলকের সাথে দেখা করলেন মার্টিনেজ

অনলাইন ডেস্ক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়েনো মার্টিনেজ। এসময় পলকের দুই ছেলে ও স্ত্রী সঙ্গে ছিলেন।

সোমবার (৩ জুলাই) ভোর সোয়া ৫টায় বাংলাদেশে পৌঁছান মার্টিনেজ। ঢাকায় এসে হোটেল মাত্র ঘণ্টা তিনেক বিশ্রাম নিয়ে আবার বেরিয়ে পড়লেন ‘বাজপাখি’ খ্যাত এই গোলরক্ষক।

মার্টিনেজকে বাংলাদেশে এনেছে ফান্ডেড নেক্সট নামক আইটি কোম্পানি। সকাল সাড়ে নয়টার কিছুক্ষণ পর মার্টিনেজ উত্তর বাড্ডার অফিস পরিদর্শনে আসেন। আয়োজকরা মার্টিনেজকে বরণ করার পর প্রতিমন্ত্রী পলকের সঙ্গে তার সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

এর আগে ফান্ডেডনেক্সটের চীফ স্ট্র্যাটেজিক অফিসার সৈয়দ আব্দুল্লাহ গালিব নিজের ফেসবুকে এক পোষ্টে লিখেছেন, ‘এয়ারপোর্ট থেকে হোটেলে যাত্রাপথে গাড়িতে মার্টিনেজকে বলেছিলাম, বাংলাদেশের মানুষ তোমাকে বাজ পাখি নামে ডাকে। বিশ্বাস করুন, পুরোটা রাস্তা সে নামটা বলছিল এবং মুখস্থ করার চেষ্টা করছিল। আমাদের বাজ পাখিকে স্বাগত।’

ইনস্টাগ্রাম পোষ্টে ঢাকার রাস্তার ছবি দিয়ে মার্টিনেজ ক্যাপশন দিয়েছেন, ‘বাংলাদেশ।’ সঙ্গে বাংলাদেশের পতাকা ও ভালোবাসার চিহ্ন এঁকে দিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular