সাংবাদিক নাদিম হত্যা: বাবু চেয়ারম্যানের সহযোগী নয়ন গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

জামালপুরের বকশীগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় প্রধান আসামি সাধুরপাড়া ইউপির চেয়ারম্যান (বরখাস্ত) মাহমুদুল আলম বাবুর সহযোগী নয়নকে (২৪) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে বকশীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত নয়ন ওই এলাকার সানোয়ার হোসেনের ছেলে।

বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানা জানান, সাংবাদিক নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে প্রত্যক্ষভাবে নয়ন মিয়ার সম্পৃক্ততার কথা জানা গেছে। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মধ্য ধাতুয়াকান্দা নিজ বাড়ি থেকে নয়নকে গ্রেপ্তার করা হয়। তাকে আদালতে সোপর্দ করা হবে।

চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের ঘটনায় সারাদেশে প্রতিবাদের ঝড় ওঠে। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালিয়ে প্রধান আসামিসহ ১৩ জনকে গ্রেপ্তার করে। সবাইকে বিভিন্ন মেয়াদে পুলিশ রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে। ১৩ জনের মধ্যে প্রধান আসামি মাহমুদুল আলম বাবু, মনিরুজ্জামান মনির ও রেজাউল হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছে।

নামীয় ২২ জন আসামির মধ্যে গ্রেপ্তার হয়েছে মাত্র ৫ জন আসামি। এখনো ১৭ জন আসামি ধরাছোঁয়ার বাইরে। নাদিম হত্যাকাণ্ডের ঘটনায় এ পর্যন্ত ১৪ জন গ্রেপ্তার হয়েছে।

নিহত নাদিমের স্ত্রী মনিরা বেগম বলেন, মামলার এজহারভুক্ত ১৭ আসামি বাইরে থাকায় আমার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি। দ্রুত সকল আসামিকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি দাঁড় করানোর দাবি জানান তিনি।

উল্লেখ্য, গত ১৪ জুন পেশাগত দায়িত্ব পালন শেষে বাড়ি ফেরার পথে পৌর শহরের সরকারি কিয়ামত উল্লাহ কলেজ মোড়ে সন্ত্রাসী হামলার শিকার হন সাংবাদিক গোলাম রব্বানী নাদিম। প্রথমে তাকে বকশীগঞ্জ হাসপাতালে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে মারা যান সাংবাদিক নাদিম।

এই ঘটনায় নিহত সাংবাদিক নাদিমের স্ত্রী মনিরা বেগম বাদী হয়ে সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামি করে নামীয় ২২ জন ও অজ্ঞাত নামা আরও ২০/২৫ জনের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মামলা করেন।

সাংবাদিক নাদিম বাংলানিউজ টোয়েন্টিফোরডটকম এর জেলা প্রতিনিধি ও একাত্তর টিভির বকশীগঞ্জ প্রতিনিধি ছিলেন। তিনি নিলাক্ষিয়া ইউনিয়নের গোমেরচর গ্রামের আব্দুল করিমের ছেলে। স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলেকে নিয়ে তিনি বকশীগঞ্জ পৌর শহরে পশ্চিম পাড়া এলাকায় বসবাস করতেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular