উজরা জেয়ার সফর নিয়ে কেন চীনের ক্ষোভ

অনলাইন ডেস্ক

ভারত সফর শেষ করে মঙ্গলবার ঢাকায় এসেছেন মার্কিন বেসামরিক নিরাপত্তা, গণতন্ত্র ও মানবাধিকারবিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেয়া। এর আগে রোববার ভোরে দিল্লি পৌঁছান তিনি। এরপর তিব্বতের ধর্মগুরু দালাই লামার সঙ্গে বৈঠক করেন। ওই সাক্ষাতের মধ্য দিয়ে ভারত সফর শুরু করেন তিনি। তার সেই বৈঠক নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে চীন।

ওই সাক্ষাতের পর গতকাল সোমবার ভারতে নিযুক্ত চীনা দূতাবাস থেকে বিবৃতি দেওয়া হয়। এতে যুক্তরাষ্ট্রকে কড়া ভাষায় বলা হয়, চীনের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তারা যেন বিন্দুমাত্র নাক গলানোর চেষ্টা না করে।

ওই বিবৃতিতে দিল্লিতে চীনা দূতাবাসের মুখপাত্র ওয়াং সিয়াওজিয়াং বলেন, সিজাংকে (তিব্বত) চীনের অঙ্গ হিসেবে মেনে নিয়ে যুক্তরাষ্ট্র যে প্রতিশ্রুতি দিয়েছে, তা পালন করা উচিত। তিব্বতের দোহাই দিয়ে চীনের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানো বন্ধ করা হোক। তিব্বতের ভারপ্রাপ্ত তথাকথিত বিশেষ কো-অর্ডিনেটর (উজরা জেয়া) যা করেছেন, তা ‘নির্ভেজাল অপরাধ’। তিব্বতের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্টের চেষ্টায় তা এক রাজনৈতিক ছক।

দালাই লামার সঙ্গে ওই সাক্ষাতে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের সঙ্গে আরও ছিলেন দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু, ইউএসএআইডির উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর ও ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত এরিক গারসেট্টি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular