জো বাইডেনও বাংলাদেশকে অনুসরণ করতে চান: বিএসএমএমইউ ভিসি

0
45

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেছেন, বিশ্বের দু-একজন নেতার নাম বলতে গেলে শেখ হাসিনা নামটি উচ্চারণ করতে হয়। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। বিশ্বের মধ্যে তিনি অন্যতম শীর্ষস্থানীয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশের কোনো কোনো বিষয় তার দেশে অনুসরণ করতে চান।

রোববার (২৩ জুলাই) শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সভাকক্ষে জরায়ুমুখ ও স্তন ক্যানসার স্ক্রিনিং উন্নয়নবিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জরায়ুমুখ ও স্তন ক্যানসারের কারণে বছরে প্রায় ১২ হাজার মহিলা মৃত্যুবরণ করেন। এর মধ্যে জরায়ুমুখ ক্যানসারে মারা যান সাত হাজার ও স্তন ক্যান্সারে মারা যান পাঁচ হাজার। জরায়ুমুখ ও স্তন ক্যানসার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, এই দুটি ক্যানসারে বছরে আক্রান্ত হন প্রায় ২১ হাজার। এর মধ্যে ১৩ হাজার মহিলা আক্রান্ত হন জরায়ু ক্যানসারে এবং ৮ হাজার আক্রান্ত হন স্তন ক্যানসারে। তাই স্তন ক্যানসার ও জরায়ুমুখ ক্যানসার নিয়ে কোনো লজ্জা নয়। এ বিষয়ে বড় ধরনের জনসচেতনতা তৈরি করতে হবে। এ দুই ক্যানসার সম্পর্কে আগেভাগে জানতে ভায়া ও সিবিইসহ যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা রয়েছে তা মানুষকে জানাতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ কে এম নূরুন্নবী কবির, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগের যুগ্ম সচিব (পরিকল্পনা) মো. আবদুস সালাম খান প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here