খেলা দেখতে গিয়ে স্বর্ণের আইফোন হারালেন উর্বশী

অনলাইন ডেস্ক

ব্যক্তিগত আইফোন হারালেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। চলমান বিশ্বকাপে গতকাল শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-পাকিস্তানের ম্যাচ দেখতে গেলে এমন ঘটনা ঘটে। এদিন আনুশকা শর্মাও ছিলেন সেখানে। ভারতের জন্য গলা ফাটাতে উপস্থিত ছিলেন উর্বশী আর সেখানেই অপ্রীতিকর ঘটনার শিকার হন।

শনিবার স্টেডিয়াম থেকে বেশ কিছু ভিডিও সোশ্যালে শেয়ার করেছিলেন অভিনেত্রী। নীল পোশাকে দর্শকাসনে দেখা গিয়েছে তাকে। বিপত্তি টের পেলেন অনেক পরে। স্টেডিয়ামেই হারালেন ফোন।

রবিবার সোশ্যালে একটি পোস্ট করে বিষয়টি অনুরাগীদের নজরে এনেছেন উর্বশী। তিনি এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে লিখেছেন, ‘আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে আমার ২৪ ক্যারেট সোনার আইফোনটা হারিয়েছি। যদি কেউ খোঁজ পান, দয়া করে সাহায্য করুন। যত শীঘ্রই সম্ভব আমার সঙ্গে যোগাযোগ করুন।’ সেই পোস্টে আহমেদাবাদ পুলিশকেও ট্যাগ করেছেন ‘সনম রে’ খ্যাত অভিনেত্রী।

পোস্ট ছড়িয়ে পড়তেই সেখানে অনুরাগীদের নানা মন্তব্য চোখে পড়েছে। কেউ কেউ অভিনেত্রীকে সহানুভূতি জানিয়েছেন। কেউ আবার লিখেছেন, ‘আশা করছি, তাড়াতাড়ি আপনি ফোন ফেরত পাবেন।’ এর আগে ভারতীয় ক্রিকেটার ঋষভ পান্ডের সঙ্গে ঊর্বশীর সম্পর্ক নিয়ে গুজব ছড়িয়েছিল। সেই প্রসঙ্গ টেনে কেউ আবার মজা করে লিখেছেন, ‘মনে হচ্ছে, ফোনটা ঋষভ পাণ্ডের কাছে রয়েছে।’

Similar Articles

Advertismentspot_img

Most Popular