পিটার হাসকে হুমকি : মামলার আবেদন খারিজ

অনলাইন ডেস্ক

মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসকে পেটানোর হুমকি দেওয়ার অভিযোগে চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নের চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরীসহ সাতজনের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ করে দিয়েছেন আদালত।

সোমবার (১৩ নভেম্বর) ঢাকার মহানগর হাকিম ফারজানা শাকিলা সুমু চৌধুরীর আদালতে হত্যার হুমকি ও মানহানির অভিযোগে মামলাটির আবেদন করা হয়। মামলা গ্রহণের প্রয়োজনীয় উপাদান না থাকায় তা খারিজ করে দিয়েছেন আদালত।

মামলার আবেদনে আরও যাদের আসামি করা হয় তারা হলেন- চাম্বল ইউনিয়ন পরিষদের ইফতেখার উদ্দিন বাবু, সাজ্জাত, এহছান, ফরহাদ, নাছির ও সাইফুল।

এর আগে, সকালে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ পরে দেবেন বলে জানান। বাদীপক্ষের আইনজীবী সিরাজুল ইসলাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

মামলার আবেদনে বলা হয়, গত ৬ নভেম্বর বাঁশখালীর এক জনসভায় মুজিবুল হক চৌধুরী সব আসামিদের উপস্থিতিতে এবং সহযোগিতায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাসকে হুমকি দেন। তিনি পিটার হাসকে প্রাণে মেরে ফেলার হুমকি দেন এবং অশালীন মন্তব্য করেন। যা ৮ নভেম্বর বিভিন্ন পত্রিকায় প্রকাশিত হয়। এ ছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূস সম্পর্কেও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন, যা হাজার কোটি টাকার মানহানির শামিল বলে উল্লেখ করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular