শ্রম আদালতে ড. ইউনূস

0
100

শ্রম আইনের মামলায় টানা চতুর্থবারের মতো আদালতে হাজির হয়েছেন গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২০ নভেম্বর) দুপুর ১২টা ২৫ মিনিটে পুরাতন শ্রম ভবনের ষষ্ঠ তলায় জেলা ও দায়রা জজ শেখ মেরিনা সুলতানার আদালতে হাজির হন তিনি।

সরেজমিন দেখা গেছে, এদিন বিচারক শেখ মেরিনা সুলতানার আদালতে একাধিক মামলা থাকায় ১২টা ২৫ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় ড. ইউনূসকে। এসময় তিনি আদালত কক্ষের ভেতরে অপেক্ষমাণ আসনের দ্বিতীয় সারিতে বসে বই পড়া শুরু করেন।

আদালতে ড. ইউনূসের পক্ষে তার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন ও ব্যারিস্টার খাজা তানভীর আহমেদ যুক্তি-তর্ক উপস্থাপন করেন।

২০২১ সালের ৯ সেপ্টেম্বর ঢাকার তৃতীয় শ্রম আদালতে কলকারখানা ও প্রতিষ্ঠান অধিদপ্তরের শ্রম পরিদর্শক তরিকুল ইসলাম বাদী হয়ে ড. ইউনূসসহ চারজনের বিরুদ্ধে মামলা করেন। মামলায় শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে নির্দিষ্ট লভ্যাংশ জমা না দেওয়া, শ্রমিকদের চাকরি স্থায়ী না করা, গণছুটি নগদায়ন না করায় শ্রম আইনের ৪-এর ৭, ৮, ১১৭ ও ২৩৪ ধারায় অভিযোগ আনা হয়।

এ মামলায় ড. ইউনূস ছাড়াও গ্রামীণ টেলিকমের এমডি মো. আশরাফুল হাসান, পরিচালক নুরজাহান বেগম ও মো. শাহজাহানকে বিবাদী করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here