ইইউ’র সঙ্গে বৈঠক শেষে যা বললেন সিইসি

0
82

দ্বাদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকায় সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে নির্বাচন কমিশন।
বুধবার (২৯ নভেম্বর) বিকেল ৩টায় নির্বাচন কমিশন ভবনে বৈঠক শুরু হয়ে বিকেল ৫টায় শেষ হয়।

বৈঠক শেষে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, রাজনৈতিক বিভাজন থাকতে পারে, তবে সংবিধানের বাইরে গিয়ে ভোট করার কোনো সুযোগ নেই। নির্বাচন যথাসময়ে হবে। বিষয়টা আমরা ইইউ প্রতিনিধিদের স্পষ্ট করে বুঝিয়েছি।

তিনি বলেন, প্রতিনিধি দলটি দীর্ঘ সময় আমাদের প্রস্তুতি সম্পর্কে জেনেছেন। আমাদের অগ্রগতি সম্পর্কে তাদের জানিয়েছি। আমরা আগের মতোই স্পষ্ট করে জানিয়েছি, নির্বাচন ফ্রি-ফেয়ার, পিসফুল এবং ক্রেডিবল যাতে হয়— সেটি নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। তারা আমাদের বক্তব্যে সন্তুষ্ট হয়েছেন।

সিইসি বলেন, ইইউ শান্তিপূর্ণ নির্বাচন চায়। কমিশনও অবাধ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কথা শুরু থেকে বলে আসছে। আর সে লক্ষ্যেই আমরা কাজ করছি।

বৈঠকে সিইসি কাজী হাবিবুল আউয়াল ছাড়াও নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান, বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিসুর রহমান ও ইসি সচিব জাহাংগীর আলমসহ অন্যান্য কমকর্তারা অংশ নেন।

এ ছাড়া ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলির নেতৃত্বে সংস্থাটির ডেপুটি হেড অব মিশন ব্রেন্ড স্পাইনার, পলিটিক্যাল অফিসার সেবাস্তিয়ান রিগার ব্রাউন, সুইডেনের অ্যাম্বাসেডর আলেকজান্ডার বার্গ ফন লিন্দ্রে, ডেনমার্কের অ্যাম্বাসেডর ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, স্পেনের অ্যাম্বাসেডর ফ্রান্সিসকো ডি আসিস বেনিতেজ সালাস, ইতালির অ্যাম্বাসেডর আন্তোনিও অ্যালেসান্দ্রো, কিংডম অব নেদারল্যান্ডসের অ্যাম্বাসেডর ইরমা ফেন ডুয়েরেন, ফ্রান্সের ডেপুটি হেড অব মিশন গুইলাম অড্রেম ডে কারড্রেল ও জার্মান অ্যাম্বাসির এক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

এর আগে, গত ২২ নভেম্বর ইমেইলে ইইউ রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি সিইসির কাছে যৌথসভায় বসতে সময় চেয়েছিলেন। পরে, সিইসি তাকে ২৯ নভেম্বর বিকেল ৩টায় সময় দেন।

এদিকে, দ্বাদশ জাতীয় নির্বাচন দেখতে ৮৭ জন পর্যবেক্ষক ইতোমধ্যে আবেদন জানিয়েছে। এছাড়া ৩৪ দেশ ও চারটি সংস্থার ১১৪ জন পর্যবেক্ষককে আমন্ত্রণ জানিয়েছে ইসি।

উল্লেখ্য, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল গত ১৫ নভেম্বর সন্ধ্যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, ২০২৪ সালের সাত জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট অনুষ্ঠিত হবে।

এ ছাড়া মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন বাতিলের বিরুদ্ধে আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর এবং নির্বাচনী প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে জানুয়ারির ৫ তারিখ পর্যন্ত চলবে বলে জানায় ইসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here