শৈত্যপ্রবাহ কবে থেকে, জানাল আবহাওয়া অফিস

0
65

ডিসেম্বরের শেষ দিকে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।চলতি মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, ডিসেম্বর মাসে সামগ্রিকভাবে দেশে স্বাভাবিক অপেক্ষা সামান্য বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ মাসে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে কমতে পারে। তবে, মাসব্যাপী দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, এ মাসের শেষার্ধে দেশের কোথাও কোথাও এক থেকে দুটি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) বা মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

এ ছাড়া এ মাসে দেশের নদী অববাহিকায় ভোররাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এদিকে, মঙ্গলবার (৫ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here