সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

0
101

সংসদ নির্বাচন সামনে রেখে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্ক করলো মার্কিন দূতাবাস

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ঢাকাসহ সারা দেশে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সতর্কভাবে চলাফেরা করার পরামর্শ দিয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস।

রোববার বিকালে মার্কিন দূতাবাস থেকে ‘ডেমোনস্ট্রেশন অ্যালার্ট’ শিরোনামে এক ভ্রমণ সতর্কবার্তা জারি করে দেশটির নাগরিকদের এ পরামর্শ দেওয়া হয়।

সতর্কবার্তায় বলা হয়েছে, মার্কিন নাগরিকদের জন্য জারি করা ওই সতর্কবার্তা ঢাকা এবং বাংলাদেশের অন্য শহরগুলোর জন্যও প্রযোজ্য হবে।

এতে বলা হয়, বাংলাদেশের পরবর্তী সাধারণ নির্বাচন ২০২৪ সালের জানুয়ারির আগে বা ওই সময়ে অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। এরই মধ্যে ওই নির্বাচন সামনে রেখে রাজনৈতিক দলের সমাবেশ এবং অন্যান্য নির্বাচনি কার্যক্রম শুরু হয়ে গেছে। সাধারণ নির্বাচনের দিনক্ষণ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজনৈতিক সমাবেশ এবং বিক্ষোভের সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে পারে এবং এগুলোর গতি তীব্রতর হতে পারে। সম্ভাব্য পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশে থাকা মার্কিন নাগরিকদের আগাম সতর্কতা মেনে চলা উচিত।

সতর্কবার্তায় আরও বলা হয়, নাগরিকদের মনে রাখা উচিত যে শান্তিপূর্ণ বিক্ষোভগুলো যেকোনো সময় সংঘাতময় হয়ে উঠতে পারে, এগুলো মুহূর্তের মধ্যে সহিংসতায় রূপ নিতে পারে। এই পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের বড় সমাবেশ ও বিক্ষোভের স্থানগুলো এড়িয়ে চলতে হবে। যেকোনো বড় সমাবেশের আশপাশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে। মার্কিন নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা পরিকল্পনা পর্যালোচনা করতে হবে। স্থানীয় ঘটনাসহ আশপাশের পরিবেশ পরিস্থিতির বিষয়ে সচেতন থেকে স্থানীয় গণমাধ্যমগুলোর প্রতিবেদন নজরে রাখতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here