খাগড়াছড়ির বারৈয়ারহাট-রামগড় সড়ক প্রশস্ত কাজের উদ্বোধন

0
107

খাগড়াছড়িতে বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ কাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার বেলা ১১টায় রামগড়ের মহামুনি এলাকায় ‘বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু’ ভার্চুয়ালি উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ও ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।

খাগড়াছড়ির রামগড় থেকে বারৈয়ারহাট পর্যন্ত ৩৮ কিলোমিটার দৈর্ঘ্য ও প্রস্থ ৩৮ ফুট সড়কের এ প্রকল্পের বাস্তবায়ন করছে সড়ক ও জনপথ বিভাগ। এ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১১ শত ৭ কোটি ১২ লাখ টাকা।
advertisement

এ সময় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা তার বক্তব্যে অবকাঠামো নির্মাণে ভারত ও বাংলাদেশের অগ্রাধিকারের কথা তুলে ধরেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্ক সম্প্রতি সকল ক্ষেত্রেই নতুন উচ্চতায় পৌঁছেছে। বাংলাদেশ মূল্যমান ও প্রকল্পের সংখ্যা উভয় দিক থেকেই ভারতের বৃহত্তম উন্নয়ন অংশীদার। যাকে রেয়াতি অর্থায়নের আওতায় প্রায় ১০ বিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হয়েছে। এখন পর্যন্ত দুই বিলিয়ন মার্কিন ডলারেরও বেশি মূল্যমানের চুক্তি হয়েছে এবং প্রদত্ত অর্থের পরিমাণ ২০২২ সালের মধ্যে এক বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

হাই কমিশনার সড়ক ও মহাসড়ক খাতের প্রকল্পগুলোর ওপর গুরুত্ব দিয়ে বলেন, ৯৩২ মিলিয়ন মার্কিন ডলারের পাঁচটি প্রকল্প সড়ক ও জনপথ বিভাগ মোট প্রতিশ্রুতির ১২ শতাংশ বাস্তবায়ন করেছে। এ ছাড়া, ডাবল-ডেকার, সিঙ্গেল-ডেকার, এসি ও নন-এসি বাস এবং হেভি-ডিউটি ট্রাক সরবরাহের জন্য ৯১ মিলিয়ন মার্কিন ডলারের তিনটি প্রকল্প ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। যার ফলে সড়ক ও মহাসড়ক খাতে ভারতের মোট প্রকল্পের প্রতিশ্রুতি ১ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করেছে।

খাগড়াছড়ির রামগড় অংশে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজাতীয় শরণার্থী বিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা, তিন পার্বত্য জেলা নারী সংসদ সদস্য বাসন্তী চাকমা, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান মংসুই প্রু চৌধুরী অপু, জেলা প্রশাসক মো. শহিদুজ্জামান ও সড়ক বিভাগের কর্মকর্তারাসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here