ব্রিকসের নতুন ৬ সদস্যের নাম ঘোষণা, নেই বাংলাদেশ

অনলাইন ডেস্ক

বিশ্বের উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসে যুক্ত হচ্ছে আরও নতুন ছয়টি দেশ। জোহানেসবার্গে গ্রুপের শীর্ষ সম্মেলনের শেষ দিনে নতুন সদস্যদের নাম ঘোষণা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট এবং বর্তমান ব্রিকস চেয়ারম্যান সিরিল রামাফোসা।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) সম্মেলনের শেষ দিন আগামী বছরের ১ জানুয়ারি থেকে আরও ছয়টি সদস্য রাষ্ট্র নেওয়ার বিষয়টি চূড়ান্ত হয়। তবে সেই তালিকায় বাংলাদেশ নেই।
ব্রিকসে যুক্ত হচ্ছে মিসর, ইথিওপিয়া, ইরান, আর্জেন্টিনা, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। সম্প্রসারণ চুক্তি অনুযায়ী গ্রুপের বর্তমান সদস্য ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকার অনুমোদনক্রমে এই ছয়টি দেশ যুক্ত হচ্ছে।

সম্মেলনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফো বলেছেন, ব্রিকসের পূর্ণ সদস্য হতে দেশগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তাদের সদস্যপদ আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে গত মঙ্গলবার ব্রিকস সম্মেলন শুরু হয়। সম্মেলনে যোগ দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। যুদ্ধাপরাধের অভিযোগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধে আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

এই পাঁচ দেশ ছাড়াও জোটে যুক্ত হতে আগ্রহী দেশগুলোর প্রতিনিধিরা জোহানেসবার্গে সম্মেলনে যোগ দিয়েছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে যোগ দিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular