মাছ-মাংস-দুধ খাওয়া ছেড়েই দিয়েছে মানুষ: জি এম কাদের

0
28

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম ঊর্ধ্বগতির কারণে সাধারণ মানুষ মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়ে দিয়েছে বলে জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের। আজ মঙ্গলবার এক বিবৃতিতে এ কথা বলেন তিনি।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির কারণে ভালো নেই দেশের মানুষ। মধ্য ও নিম্নবিত্ত পরিবারে হাহাকার উঠেছে। প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে দ্রব্যমূল্য। দেখার যেন কেউ নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতায় সরকারকে জবাব দিতে হবে।

জি এম কাদের বলেন, কিছু দিন আগে কাঁচা মরিচের দাম এক হাজার টাকা হয়ে গিয়েছিল, পেঁয়াজের দাম সাড়ে ৩০০ টাকা পর্যন্ত হয়েছিল। বর্তমানেও পেঁয়াজের কেজি প্রায় ১০০ টাকা। ডিমের ডজন ১৫০ থেকে ২০০ পর্যন্ত ওঠা-নামা করছে। মাছ, মাংস ও দুধ খাওয়া ছেড়েই দিয়েছে সাধারণ মানুষ। যেকোনো সবজির কেজি প্রায় ১০০ টাকা। বাজারে গেলে মানুষ অসহায় হয়ে পড়ে।

ব্যয় বাড়লেও সাধারণ মানুষের আয় বাড়েনি উল্লেখ করে তিনি বলেন, মানুষের আয় বাড়েনি মোটেও। কিন্তু প্রতিদিনই খরচ বাড়ছে। সংসার চালাতে হিমশিম অবস্থা। শিশুদের জন্য দুধ ও জীবন রক্ষাকারী ওষুধ কিনতে পারে না সাধারণ মানুষ। ডেঙ্গু জ্বরের স্যালাইনসহ অনেক জীবন রক্ষাকারী ওষুধ চাহিদামতো পাওয়া যাচ্ছে না। কষ্টের কথা দেশের মানুষ মুখ খুলে বলতেও পারে না।

জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, সরকার অসাধু ব্যবসায়ীদের সিন্ডিকেটের ভাঙতে ব্যর্থ হয়েছে। সাধারণ মানুষ বুঝতে চায় সরকার কেন সিন্ডিকেটের কাছে জিম্মি। তারা মনে করছে, বাজার নিয়ন্ত্রণে সরকারের কোনো পরিকল্পনা নেই। বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতার দায়ে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here