‘আরব বসন্ত’ হওয়ার উপাদান বাংলাদেশে নেই: কাদের

0
38

নির্বাচনের পর দেশে আরব বসন্ত হবে, এমন উপাদান বাংলাদেশে নেই বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রোববার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বিএনপি ও তার দোসররা ‘উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভাগাভাগির নির্বাচন’ বলছে। নির্বাচন বানচালে তারা যতই বাধা দিক নির্বাচন বাধাপ্রাপ্ত হবে না বলেও জানান তিনি।

ওবায়দুল কাদের বলেন, নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলছে আওয়ামী লীগ। আর বিএনপি ও তার দোসররা নির্বাচন বানচালে প্রতিদিন আগুন দিচ্ছে। হরতাল-অবরোধ ডাকছে।

তিনি বলেন, ১৬ ডিসেম্বর বিজয়ের দিনকে এক বিএনপি নেতা পরাজয় দিবস বলছেন। পরাজয় তো বিএনপি ও জামাতের- পাকিস্তানের যারা দোসর। তারা মানুষের জন্য রাজনীতি করে না, গণতন্ত্রে বিশ্বাস করে না। ষড়যন্ত্র-সহিংসতা, গুপ্ত হামলা চালিয়ে নির্বাচন বানচালে তাদের রঙিন খোয়াব সফল হবে না।

শরিক ও মিত্রদের সঙ্গে সমঝোতা হওয়া আসনগুলোতে আওয়ামী লীগ নৌকা প্রত্যাহার করে নেবে জানিয়ে তিনি বলেন, জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে যাবে এমন তথ্য তার কাছে নেই। তাদের সঙ্গে আওয়ামী লীগের সমঝোতা আছে। এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি। তারা বসেই আলোচনা করেছেন। আসন ছাড় ও প্রত্যাহারের বিষয়টি বিকাল ৪টার মধ্যে পরিষ্কার হবে।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, শুধুমাত্র আসন ভাগাভাগি নয়, বিএনপি নির্বাচন বয়কট, প্রতিরোধের যে ডাক দিয়েছে এটা নিয়ে নির্বাচনে আসা সমমনা দলগুলোর সবার যে ঐক্য থাকা দরকার সে বিষয়েও কথা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here