রেস্তোরাঁর খাবার খেয়ে ২২ জন অসুস্থ

0
45

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় দইখাওয়া বাজারের একটি রেস্টুরেন্টের খাবার খেয়ে ২২ জন গুরুতর অসুস্থ হয়ে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন। রোববার সকালে অসুস্থ ২২ জনকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে শনিবার সকালে উপজেলা দইখাওয়া বাজারে চিড়ার মিল এলাকার লোকজন ওই হোটেলে খাবার খাওয়ার পর এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার সকালে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া বাজারের চিড়ার মিল এলাকার একটি রেস্টুরেন্টে পরাটা, ডাল খাওয়ার ৫-৮ ঘণ্টা পর পেটে ব্যথা, বারবার পাতলা পায়খানা ও বমি, জ্বর হতে থাকে। অবস্থা বেগতিক হওয়ায় পরিবারের লোকজন শনিবার রাতে ও রোববার সকালে একের পর এক আক্রান্ত ব্যক্তিকে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। এখন পর্যন্ত অসুস্থ ২২ জনকে হাতীবান্ধা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ডা. আল আকসা বলেন, রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

দইখাওয়া বাজারের স্থানীয় আমিনুর রহমান বলেন, ওই হোটেলের খাবার যারাই খেয়েছে তারাই আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

ওই রেস্টুরেন্টের মালিক আতিয়ার রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তার ফোন নম্বর বন্ধ পাওয়া গেছে।

খাবার খেয়ে অসুস্থ উপজেলার গোতামারী রবিউল ইসলাম বলেন, সকালে ওই হোটেলে নাস্তা খেয়ে কাজের উদ্দেশ্যে বের হই। এরপর পেট ব্যথা, বমি এবং পাতলা পায়খানা হতে থাকে। পরে অসুস্থ হয়ে হাতীবান্ধা হাসপাতালে ভর্তি হই।

এ বিষয়ে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. নাঈম ইসলাম নয়ন বলেন, অসুস্থদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রদান করা হচ্ছে। দুইজন রোগীকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। ধারণা করা হচ্ছে খাবারে বিষক্রিয়ায় এ ঘটনা হতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here