মানি লন্ডারিং মামলায় জি কে শামীমের ১০ বছরের কারাদণ্ড

0
43
মানি লন্ডারিং আইনের একটি মামলায় যুবলীগের কথিত নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমের ১০ বছর এবং তার সাত দেহরক্ষীর ৪ বছর করে কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত। আজ সোমবার ঢাকার ১০ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ নজরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আজাদ রহমান বলেন, রায়ের অবজারভেশনে বিচারক বলেছেন, অস্ত্রবাজ, টেন্ডারবাজ অর্থপাচারকারীদের কোনো আদর্শ নেই। তারা কোনো আদর্শকে লালন করে না। তবে আদর্শকে ব্যবহার করে রাতারাতিভাবে অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলে দেশের উন্নয়নের অগ্রযাত্রাকে বাধাগ্রস্থ করে এবং দেশের অর্থনীতিকে ধ্বংস করে দেয়। তারা দেশ ও জাতির শত্রু। দেশের চলমান উন্নয়ন ও জাতীয় স্বার্থে তাদেরকে সম্মিলিতভাবে প্রতিহত করতে হবে।

মামলায় দণ্ডিত অপর আসামিরা হলেন- মো. দেলোয়ার হোসেন, মো. মোরাদ হোসেন, মো. জাহিদুল ইসলাম, মো. শহীদুল ইসলাম, মো. কামাল হোসেন, মো. সামসাদ হোসেন ও মো. আনিছুল ইসলাম। রায় ঘোষণার সময় আসামিদের কারাগারে থেকে আদালত হাজির করা হয়। রায় ঘোষণার পর তাদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে নিয়ে যাওয়া হয়।

রায়ে আসামিদের মানিলন্ডারিং অর্থের দিগুণ ৩ কোটি ৮৩ লাখ টাকা অর্থদণ্ড করেছেন আদালত। এর আগে অস্ত্র মামলায় এ আসামিদের গত বছর ২৫ সেপ্টেম্বর যাবজ্জীবন কারাদণ্ডের রায় ঘোষণা করেন অপর একটি আদালত।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here