চট্টগ্রামে ডেঙ্গুতে আক্রান্ত ১৪৩, একজনের মৃত্যু

অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২২ জনের মৃত্যু হলো। পাশাপাশি শনিবার (২২ জুলাই) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় আরও ১৪৩ জন আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর আক্রান্ত হয়ে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৯২৩ জন। আজ চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে দেওয়া প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া বলেন, ‘চট্টগ্রামে ডেঙ্গুতে আরও এক জন মারা গেছেন। সে জেলার বোয়ালখালী থানাধীন এলাকার বাসিন্দা মিসকাত (১৪)। ডেঙ্গু উপসর্গ নিয়ে গত ২০ জুলাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি হয়। ওই দিনই তার মৃত্যু হয়।’

সিভিল সার্জন কার্যালয়ের প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে ৯২ ও বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১ জন। বর্তমানে হাসপাতালগুলোতে চিকিৎসাধীন আছেন ২৩৯ রোগী।

সুজন বড়ুয়া বলেন, জুলাই মাসে এক হাজার ৪৫৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হন; এর মধ্যে মারা গেছেন ১৩ জন। জুনে আক্রান্ত ২৮২ মৃত্যু ৬, মে-তে ৫৩, এপ্রিলে ১৮, মার্চে ১২, ফেব্রুয়ারিতে ২২ ও জানুয়ারিতে ৭৭ জন আক্রান্ত হন। জানুয়ারিতে আক্রান্তদের মধ্যে মারা গেছেন তিন জন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular